বড় আকারের স্মার্টফোন ক্যামেরাসহ গতকাল উন্মোচিত হয়েছে শাওমি ১২এস। কিন্তু ফ্ল্যাগশিপ ফোনটি কেবল চীনের বাজারেই পাওয়া যাবে। সম্প্রতি নিজস্ব টুইটার অ্যাকাউন্টে ফোনটি নিয়ে একের পর এক ছবি ও পোস্ট শেয়ার করছে চীনা স্মার্টফোন জায়ান্টটি। ইমেজিং স্পেশালিস্ট লেইকার সঙ্গে অংশীদারত্বে শাওমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে এটি।

ক্যামেরা সেন্সরের পাশাপাশি শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির প্রায় সবকিছুই নজরে পড়ার মতো আকারে বড় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৯টু৫গুগলের প্রতিবেদনে বলা হয়, এ সিরিজে তিনটি স্মার্টফোন আসছে; শাওমি ১২এস, ১২এস প্রো ও ১২এস আলট্রা। ৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ১২৮, ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজসহ পাওয়া যাবে ফোনগুলো।

শাওমি ১২এসে রয়েছে ৬ দশমিক ২৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর ৪ হাজার ৫০০ এমএএইচের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৬৭ ওয়াটের চার্জার কেবল ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জার। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ও ৫ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।

প্রো মডেলের ফোনটিতে ৬ দশমিক ৭৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে। শাওমি ১২এসের মতো প্রো মডেলটিতেও প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১। ৪ হাজার ৬০০ এমএএইচের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ১২০ ওয়াটের চার্জা কেবল ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জার। এখানেও মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এছাড়া এ ফোনেরও সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের।

শাওমি ১২এস আলট্রা ফোনে কোয়ালকমের স্থলে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে সর্বাধুনিক স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে দাবি শাওমির। এতে ব্যবহূত হয়েছে সনির আইএমএক্স৯৮৯ ক্যামেরা সেন্সর।