দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন বিক্রি ১০ লাখ ইউনিট ছাড়িয়েছে। এর আগের সিরিজের চেয়ে দুই সপ্তাহ আগেই এ লক্ষ্যমাত্রা পূরণ করে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর কোরিয়া হেরাল্ড।

তিনটি মডেল নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি বাজারে উন্মোচিত হয় গ্যালাক্সি এস২২ সিরিজ। দিন কিংবা রাতে চমত্কার শুটিং অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্সের নিশ্চয়তা দিচ্ছে গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২২ প্লাস ও গ্যালাক্সি এস২২ আলট্রা।

চলতি মাসের প্রথম সপ্তাহে ৯ লাখ ইউনিট গ্যালাক্সি এস২২ বিক্রি করতে সক্ষম হয় স্যামসাং। উন্মোচনের পর থেকে প্রতিদিন গড়ে ২৪ হাজার ইউনিট বিক্রি করছে তারা। সিরিজের সবচেয়ে বেশি বিক্রীত ফোন হচ্ছে গ্যালাক্সি এস২২ আলট্রা, মোট বিক্রির প্রায় অর্ধেক। এর আগের জনপ্রিয় গ্যলাক্সি নোট সিরিজের মতো এতে বড় স্ক্রিন ও বিল্ট-ইন এস পেন দেয়া হয়েছে।

শুক্রবার ১০ লাখ ইউনিট বিক্রির সীমা অতিক্রম করেছে গ্যালাক্সি এস২২। গ্যালাক্সি এস২১ সিরিজের চেয়ে দুই সপ্তাহে এ বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করেছে স্যামসাং। এছাড়া ২০১৯ সালের মেগা-হিট গ্যালাক্সি এস১০-এর চেয়ে ৪৭ দিন আগে ১০ লাখ ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রায় পৌঁছেছে গ্যালাক্সি এস২২।

নিজ দেশের পাশাপাশি বিদেশেও এস২২ সিরিজ বিক্রি চাঙ্গা বলে জানিয়েছে স্যামসাং। কিছু বাজারে আগের সিরিজের চেয়ে ৭০ শতাংশ বিক্রি বেড়েছে। তবে এ নিয়ে বিস্তারিত উপাত্ত শেয়ার করেনি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।