চলতি বছরের বাকি সময় আমেরিকার বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার গ্রাফিকস কার্ড ইউনিট (জিপিইউ) বিক্রি কমতে পারে। ডিজিটাইমস প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ২০২২ সালের বাকি সময়ে এনভিডিয়ার জিপিইউ বাজারজাত ৪০-৫০ শতাংশ কমবে। খবর টেকরাডার।

প্রতিবেদনে ডিজিটাইমস আরো জানায়, বিক্রি কমে গেলে টিম গ্রিন আগের প্রান্তিকগুলোয় বিক্রির মাধ্যমে যে লভ্যাংশ জমিয়েছিল তাও ধীরে ধীরে কমে যাবে। এছাড়া রাজস্ব আয় ধারণার বাইরে কমে যাবে, যা প্রতিষ্ঠানটির জন্য খুবই হুমকিপূর্ণ। মূলত ক্রিপ্টো ক্যাশের অবনমন এবং কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে ডেস্কটপের জন্য জিপিইউর চাহিদা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসায় বিরূপ প্রভাব পড়েছে।

প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের অর্থবছরের যে প্রতিবেদন প্রকাশ করেছে তার পরিপ্রেক্ষিতে বিক্রিতে এ অবনমনের পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির আয় উল্লেখযোগ্য হারে কমেছে এবং গ্রাফিকস কার্ডের চাহিদাও তলানিতে নেমে গিয়েছে। এছাড়া বছরওয়ারি হিসেবে জিপিইউ বিক্রি ৩৩ শতাংশ কমেছে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা, বছরের বাকি সময় শেষে বিক্রি ৪০ শতাংশ বা তার বেশি কমে যেতে পারে।

বর্তমানে বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে টিম গ্রিনের জন্য ২০২২ সালের বাকি সময় যে খুব কঠিন হবে সেটিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ায় এটি সহজেয় অনুমেয় যে গ্রাহক বা ক্রেতারা বর্তমানে গ্রাফিকস কার্ড পরিবর্তনের মতো ব্যয়বহুল বিষয়টি থেকে যথাসম্ভব দূরে থাকবে।

অন্যদিকে এনভিডিয়া ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো এ দুরবস্থা মোকাবেলায় এরইমধ্যে গ্রাফিকস প্রসেসিং ইউনিটের দাম কমাতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির যেসকল ইউনিট রয়েছে সামনের মাসগুলোতে এগুলোর দাম আরো কমবে। বৈশ্বিক অর্থনীতির যে দুরবস্থা তাতে এএমডি ও ইনটেলও বিক্রি কমার পূর্বাভাস দিয়েছে।