প্রতি বছরই একাধিক মডেলের স্মার্টফোন বাজারজাত করে শাওমি। মূলত সংখ্যানুক্রমে একেকটি সিরিজ উন্মোচন করা হয়। এর অংশ হিসেবে শিগগিরই ১২ লাইট বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এমআই ১১ লাইটের বিপনন বন্ধ করে দেয়া হবে বলে মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদন সূত্রে জানা গেছে। খবর গিজচায়না।
চলতি বছরের ডিসেম্বরে ভারতের বাজারে শাওমি ১২ লাইট আনতে পারে চীনের প্রযুক্তি জায়ান্টটি। বিশ্বের অন্যান্য কিছু বাজারে স্মার্টফোনটি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হয়েছে। স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫৫ ইঞ্চির ওএলইডি স্ট্রেইট স্ক্রিন দেয়া হয়েছে। ডিভাইসের ভেতরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি, ৮ মেগাপিক্সেলের আল্ট্রওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফোনটির সম্মুখে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে শক্তি জোগাতে ৪ হাজার ৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি রয়েছে।
শাওমির এমআই ১১ লাইট ২০২১ সালে প্রতিষ্ঠানটির অন্যতম হালকা ও সরু ডিজাইনের স্মার্টফোন ছিল। সে বছরের জুনে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি বাজারজাত করে। বর্তমানে ডিভাইসটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৭৬ ডলার বা ২১ হাজার ৯৯০ রুপি। স্মার্টফোনটির মূল আকর্ষণ হচ্ছে এর সরু ও হালকা ওজন। এর পুরুত্ব মাত্র ৬ দশমিক ৯ মিলিমিটার এবং ওজন ১৫৭ গ্রাম। অর্থাৎ মিড রেঞ্জের এ স্মার্টফোন ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন ১৩-এর চেয়েও হালকা।
শাওমি এমআই ১১ লাইট ডিভাইসে ৬ দশমিক ৫৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর রয়েছে। ডিভাইসের সম্মুখে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও পেছনে ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ৪ হাজার ২৫০ মিলি অ্যাম্পিয়ারও আওয়ারের ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে।










