পরিবেশকদের কাছে প্রায় পাঁচ কোটি ইউনিট স্মার্টফোন অবিক্রীত স্যামসাংয়ের। দক্ষিণ কোরিয়াভিত্তিক সাইট দি ইলেকের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

বিশ্বের বেশির ভাগ স্মার্টফোন নির্মাতা কোম্পানি যেখানে সরবরাহ চেইন সংকটের মধ্যে, সেখানে অতিরিক্ত সরবরাহ সংকটে স্যামসাং। চলতি বছরে ২৭ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করতে চায় স্যামসাং। সেখানে বার্ষিক স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ অবিক্রীত। ১০ শতাংশের কম বেশি অবিক্রীত থাকার উপাত্তকে স্বাস্থ্যকর বিবেচনা করেন প্রযুক্তি বাজার বিশ্লেষকরা।

চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে দুই কোটি ইউনিট করে স্মার্টফোন উৎপাদন করেছে স্যামসাং। কিন্তু মে মাসে উৎপাদনের পরিমাণ এক কোটি ইউনিটে নেমে আসে। গত বছরের চতুর্থ প্রান্তিকে এক উচ্চাভিলাসী পরিকল্পনা ঘোষণা করেছিল স্যামসাং। ২০২২ সালে তারা ৩৩ কোটি ৪০ লাখ ইউনিট স্মার্টফোন উৎপাদন লক্ষ্যমাত্রা হাতে নেয়। উৎপাদন লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতি রেখে স্পষ্টত চলতি বছরে ৩০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা ছিল তাদের।

কিন্তু বেশ কয়েকটি কারণে প্রত্যাশার চেয়ে কম স্মার্টফোন বিক্রি হচ্ছে। চীনে কভিড-১৯ লকডাউন ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে কাঁচামালের দাম বেড়ে গেছে। স্মার্টফোনের চাহিদা কমায় সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এপ্রিল ও মে মাসে স্যামসাংয়ের ক্রয়াদেশ কমেছে যথাক্রমে ৩০ ও ৭০ শতাংশ।