ঈদ উপলক্ষে গ্রাহকদের সেরা ডিজিটাল সেবা দিতে গ্রামীণফোন আয়োজন করেছে ঈদ ডিভাইস ফেয়ার এট জিপিসি শীর্ষক ফোরজি স্মার্টফোন মেলা। দেশজুড়ে আয়োজিত এ মেলা চলবে ৩-১৬ জুলাই। জিপি অনলাইন শপ ও দেশের ২৪৩টি গ্রামীণফোন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
দেশব্যাপী এ মেলায় অংশগ্রহণ করছে স্যামসাং, শাওমি, রিয়েলমি, টেকনো, আইটেল সিম্ফনি, ভিভো ও অপোসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড। মেলায় স্মার্টফোন ব্র্যান্ডগুলো ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় গিফট, সঙ্গে থাকছে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে নানা অফার। যেসব ক্রেতা এ স্মার্টফোন মেলা থেকে ফোরজি স্মার্টফোন কিনবেন, গ্রামীণফোনের পক্ষ থেকে তারা পাবেন এক বছরের জন্য ১২ জিবি ফ্রি ইন্টারনেট (প্রতি মাসে ১ জিবি)। পাশাপাশি ক্রেতারা ফোন কিনলে গ্রামীণফোন ও ডিভাইস পার্টনারদের কাছ থেকে পাবেন আকর্ষণীয় গিফট আইটেম। এছাড়া প্রথম ১০০ ক্রেতা, যারা গুলশান জিপি এক্সপেরিয়েন্স সেন্টার, জিপিহাউজ ও চট্টগ্রাম এক্সপেরিয়েন্স সেন্টার থেকে ই-সিম এনাবেল হ্যান্ডসেট কিনবেন, তারা পাবেন বিশেষ গিফট হ্যাম্পার।
গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব আজ জিপিহাউজ এক্সপেরিয়েন্স সেন্টারে এ মেলার উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুল রশিদ, হেড অব প্রডাক্ট মোহাম্মাদ মাহবুবুল আলম ভূইয়া, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস মোহাম্মাদ আওলাদ হোসেন এবং স্মার্টফোন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










