স্ন্যাপচ্যাটে কিশোররা কাদের সঙ্গে বন্ধুত্ব করছে বা কথা বলছে সে বিষয় দেখতে অভিভাবকদের জন্য নতুন ইন-অ্যাপ টুল চালু করেছে প্যারেন্ট কোম্পানি স্ন্যাপ ইনকরপোরেশন। খবর ইটি টেলিকম।
প্রতিষ্ঠানটি জানায়, ১৩-১৮ বছর বয়সী শিশু-কিশোরদের অভিভাবকরা কথোপকথনের উপাদান ছাড়াই সামগ্রিক বিষয় দেখতে পারবেন। টুলটি ব্যবহারে অভিভাবকদের প্লাটফর্মে তাদের সন্তানদের অ্যাকাউন্টে যুক্ত থাকতে হবে এবং সেটি চালু থাকতে হবে। এছাড়া সন্তানদের ফ্যামিলি সেন্টারে যুক্ত হওয়ার জন্য অভিভাবকদের আমন্ত্রণ জানাতে হবে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, কোনো অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলে অভিভাবকরা গোপনে সেটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন। ভারতে স্ন্যাপ ইনকরপোরেশনের পাবলিক পলিসি বিভাগের প্রধান উথারা গণেশ বলেন, ভারতসহ সমগ্র বিশ্বে স্ন্যাপচ্যাট একটি কেন্দ্রীয় যোগাযোগমাধ্যম। যেহেতু দিন দিন আমাদের কমিউনিটির পরিধি বাড়ছে, তাই অভিভাবকরা বর্তমানে শিশু-কিশোরদের নিরাপদ রাখতে বিভিন্ন উপায় খুঁজছেন। তাদের জন্য নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা ও প্লাটফর্ম তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ঠিক এ কারণেই আমরা ইন অ্যাপ টুল হিসেবে ফ্যামিলি সেন্টার চালু করছি। এর মাধ্যমে সন্তানরা স্ন্যাপচ্যাটে কাদের সঙ্গে বন্ধুত্ব করছে বা কথা বলছে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।










