হরাইজন ওয়ার্ল্ডস সোশ্যাল মেটাভার্স প্লাটফর্মের ওয়েব ভার্সন চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। বর্তমানে এ প্লাটফর্ম প্রতিষ্ঠানটির কোয়েস্ট ভিআর হেডসেটেই সীমিত রয়েছে। খবর ইটি টেলিকম।

এক টুইটে মেটার প্রধান তথ্য কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বজ বসওর্থ বলেন, হরাইজনের ওয়েব ভার্সন চালু হলে প্লাটফর্ম ব্যবহার ব্যয় ২৫ শতাংশ হয়ে যাবে; যা বর্তমানে ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরির অন্যান্য প্লাটফর্মের তুলনায় সাশ্রয়ী।

তিনি আরো বলেন, হরাইজন ব্যবহারে ২৫ শতাংশই ব্যয় হবে। প্লাটফর্মটি যদি গোপনে কোনো চার্জ নিয়ে থাকে, সেটির পরে এ ২৫ শতাংশ আসবে। যদি প্লাটফর্মটি অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের মতো ৩০ শতাংশ নিয়ে থাকে তাহলে তা ৪৭ দশমিক ৫ শতাংশে পৌঁছবে; যা রবলক্স ও ইউটিউবের নির্ধারিত ব্যয়ের কাছাকাছি।

বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোয়েস্ট ভিআর ডিভাইসে হরাইজন ওয়ার্ল্ডসের মাধ্যমে কোনো কিছু বিক্রি করা হলে মেটা সেই লেনদেন থেকে ৪৭ দশমিক ৫ শতাংশ গ্রহণ করবে। চলতি সপ্তাহের শুরুতে এক ঘোষণায় মেটা হরাইজন ওয়ার্ল্ডসের জন্য নতুন ফিচার পরীক্ষার কথা জানিয়েছিল, যার মাধ্যমে ক্রিয়েটররা ভার্চুয়ালি পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, নির্মাতাদের কনটেন্ট মনিটাইজেশন ও মেটাভার্সের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেক টুইটে বসওর্থ বলেন, প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে ডেভেলপাররা যেন আর্থিকভাবে লাভবান হতে পারেন তা নিশ্চিতে আমরা আমাদের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি।

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডার অধিবাসীদের জন্য অকুলাস কোয়েস্ট ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটে হরাইজন ওয়ার্ল্ডস চালু করেছে মেটা। কম সময়ের মধ্যে প্লাটফর্মটিতে মাসিক ব্যবহারকারীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।