ভবিষ্যতে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল পুলিশ এজেন্সি। এ পরিকল্পনার
অংশ হিসেবে ৩০ বছরের মধ্যে রোবট প্যাট্রল কুকুর ও শক্তিশালী বডি আর্মারের ব্যবহার শুরু হবে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
মেটাভার্সে কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত গতিশীল প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে দেশটির পুলিশ। দেশটির জাতীয় পুলিশ বাহিনী ২০৫০ সাল নাগাদ পেট্রোলিংয়ের জন্য স্বনিয়ন্ত্রিত রোবট কুকুর, স্বয়ংক্রিয় গাড়ি ও চলাফেরার সুবিধার জন্য এক্সোস্কেলেটন স্যুট চালুর পরিকল্পনা নিয়েছে।
ন্যাশনাল পুলিশ এজেন্সির পুলিশ ফিউচার ভিশন ২০৫০-এর ব্লুপ্রিন্টের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য যে ১৪টি প্রকল্প নেয়া হয়েছে, সেগুলো দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে ও প্রযুক্তিগত উত্কর্ষ সাধনে সহায়তা করবে। সংস্থাটি জানায়, এ পরিকল্পনার মূল উদ্দেশ্য দেশের পুলিশকে মানুষ নির্ভর অবস্থা থেকে সরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিজ্ঞানের সঙ্গে যুক্ত করা।
যেসব পুলিশ কর্মকর্তা দুর্ঘটনা স্থলে অবস্থান করবে তাদের সার্বিকভাবে সহায়তার জন্য ইন্টিগ্রেটেড অপারেটিং সিস্টেম তৈরি করা হবে। আয়রন ম্যান পুলিশ প্রকল্পে কর্মকর্তাদের শক্তি ও সক্ষমতা বাড়াতে পরিধানযোগ্য স্যুট তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত। সুপারহিরো স্যুটে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম জার্ভিসের মতো সহায়তামূলক ব্যবস্থা থাকবে। ২০২৭ সাল নাগাদ অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তির উন্নয়ন কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে।










