সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে অডিও কলিং অ্যাপ ডিসকর্ডের গুরুত্বপূর্ণ একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা। এর মাধ্যমে ফেসবুক গ্রুপের কমিউনিটিগুলোর মধ্যে যোগাযোগ আরো বাড়াবে। খবর টেকরাডার।

যেসব ফিচার যুক্ত করা হবে সেগুলোর মধ্যে ডিসকর্ডের ভয়েস, ভিডিও ও টেক্সট চ্যাট অপশন থাকবে। ঘোষণা অনুযায়ী অ্যাডমিনরা শিগগিরই তাদের গ্রুপে চ্যানেল তৈরি করতে পারবেন। যেখানে ব্যবহারকারীরা আরো গুরুত্বপূর্ণ ও ছোট বিষয়ে গভীর আলোচনায় যুক্ত হতে পারবেন। পাশাপাশি একই মতাদর্শের ব্যক্তিদের নিয়ে তাদের কমিউনিটিকে শক্তিশালী করতে পারবেন।

নতুন ফিচারের মাধ্যমে ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও সদস্যরা ডিসকর্ডের মতো যেকোনো মুহূর্তে কমিউনিটি অডিও চ্যানেল ব্যবহার করতে পারবেন। যারা মাইক্রোফোনের মাধ্যমে কথা বলার বিষয়ে আগ্রহী নন, তারা গতানুগতিক ধারায় টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যেতে পারবেন। রিয়েলটাইম অডিও ও চ্যাটিং চ্যানেল ছাড়াও ফেসবুক গ্রুপগুলোয় কমিউনিটি ফিড চ্যানেলের সুবিধাও যুক্ত করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাডমিন নির্ধারিত বিষয়ের পোস্টে কমেন্ট করতে পারবেন।

অন্যদিকে সহজে গ্রুপগুলোয় প্রবেশ ও ব্রাউজ করার জন্য নতুন ডিজাইনের সাইডবারও যুক্ত করবে মেটা। ফিচারটি কোনো গ্রুপের সর্বশেষ না দেখা পোস্টের বিষয়গুলো তালিকায় যুক্ত করবে। ব্যবহারকারীরা তাদের পছন্দের গ্রুপগুলোকে সাইডবারে পিন করে রাখতে পারবেন। এছাড়া নতুন মেনুর কারণে গ্রুপগুলো আরো সাজানো থাকবে। এর মাধ্যমে নতুন ইভেন্ট, শপ ও পছন্দের বিষয়ে কথা বলার সুযোগ পাওয়া যাবে। বর্তমানে ফেসবুক গ্রুপের পরিবর্তন কার্যক্রমটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের ধারণা সামনের মাসগুলোয় এসব সুবিধা চালু করা হবে।