ভেনেজুয়েলার একজন চিকিৎসকের বিরুদ্ধে থানোস
ও জিগস ভার্সন-২ র্যানসমওয়্যার তৈরির অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র এ অভিযোগ করেছে।
দেশটির ধারণা, ময়েস লুইস জাগালা গঞ্জালেজ নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ র্যানসমওয়্যার ডেভেলপার হিসেবে
দ্বিতীয় জীবনযাপন করেন। খবর রয়টার্স।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৫৫
বছর বয়সী এ চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করেছে। মামলার
নথিপত্রের তথ্যানুযায়ী, ভেনেজুয়েলার এ হৃদরোগ বিশেষজ্ঞ মূলত দুটি পরিচিত র্যানসমওয়্যাররের
উদ্ভাবক।
পিসিম্যাগ প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের
তদন্তকারীদের বরাতে বলা হয়, জাগালা ২০১৯ সালের শুরুতে সাইবার অপরাধীদের কাছে র্যানসমওয়্যার
টুল বিক্রি করেন এবং সেগুলো ব্যবহারের প্রশিক্ষণও দেন। তাছাড়া র্যানসমওয়্যারের
টুলের ব্যবহারের বিষয়ে গ্রাহকদের পরিষেবা দেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই)
তথ্যানুযায়ী, আগের র্যানসমওয়্যার সফটওয়্যারের উন্নত ভার্সন হিসেবে ময়েস লুইস জাগালা
জিগস-২ তৈরি করেন। তবে জিগস-২ এর মূল ভার্সনটি অন্যান্য সাইবার হামলাকারীরা তৈরি করেছে
বলে জানা গেছে। জাগালার বিরুদ্ধে থানোস র্যানসমওয়্যার ক্রিয়েশন টুল তৈরির অভিযোগও
রয়েছে। থানোস টুলটির মাধ্যমে স্ক্যামাররা কোন ফাইলগুলো এনক্রিপ্টেড করা হবে আর কোনগুলো
করা হবে না সেটি নির্ধারণের জন্য আলাদা র্যানসমনোট তৈরি করত। এ টুলটি কম্পিউটারে থাকা
অ্যান্টিভাইরাস ও অন্যান্য শনাক্তকরণ প্রযুক্তির কাছ থেকে ক্ষতিকর কোড আড়ালের সুবিধাও
দিয়েছিল।
জাগালা স্ক্যামারদের কাছে থানোস ভাড়া দিয়েছিল।
এমনকি র্যানসমওয়্যার টুলটির জন্য আলাদা প্রোগ্রামও তৈরি করেছিল। এর মাধ্যমে সাইবার
অপরাধীরা সহজে টুলটি ব্যবহার করতে পারতো এবং টুল ব্যবহারের ফি হিসেবে জাগালাকে আদায়
করা অর্থের ভাগ গ্রহণের প্রস্তাব দিত।
থানোসের বিষয়ে জাগালা অন্যান্য সাইবার
অপরাধীদের ফোরামে বিজ্ঞাপন দিত বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। সেইসঙ্গে অ্যান্টিভাইরাস
প্রোগ্রামে এটি ধরা পড়তো না। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্যানুযায়ী, র্যানসমওয়্যারটির
মাধ্যমে একবার এনক্রিপশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট
হয়ে যেত। যে কারণে এটি শনাক্ত বা পুনরুদ্ধার করা একেবারেই অসম্ভবে পরিণত হতো।
এফবিআই জাগালার নামে রেজিস্ট্রেশন করা
একটি পেপাল ও ক্রিপ্টো অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলার চিকিত্সকের
ড্রাইভিং লাইসেন্স, জিমেইল ও ঠিকানার সন্ধান পেয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞের সর্বশেষ অবস্থান
সম্পর্কিত কোনো তথ্য না পাওয়া গেলেও এফবিআই এরইমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জারি করেছে। অভিযোগ প্রমাণিত হলে জাগালাকে কম্পিউটারে অনুপ্রবেশের জন্য পাঁচ বছর এবং
অনুপ্রবেশের পরিকল্পনা করায় আরো পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হবে।










