সম্প্রতি বাজারে উন্মোচন করা আইফোন ১৪ ও ১৪ প্রোতে ফিজিক্যাল ন্যানো সিম কার্ড ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সিম ব্যবহারের জন্য কোনো ট্রেও নেই। এর মাধ্যমে ধারণা পাওয়া যায়, ডিভাইসগুলোতে বর্তমানে ই-সিম প্রযুক্তি ব্যবহার করতে হবে। নতুন সিরিজের আইফোনের পাশাপাশি বর্তমান মডেলের আইপ্যাডেও এ ফিচার চালু করা হবে। খবর টেকটাইমস।

ম্যাকরিউমার্সের তথ্যানুযায়ী, এখন থেকে নির্ধারিত মডেলের আইপ্যাডে অ্যাপল সিম ব্যবহারের মাধ্যমে নতুন করে কোনো সেলুলার ডাটা প্যাকেজ কার্যকর করা যাবে না। সম্প্রতি অ্যাপলের একটি সাপোর্ট ডকুমেন্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপল সিম হচ্ছে ব্যবহারকারীর পরিচয় শনাক্তকারী মডিউল। ২০১৪ সালে অ্যাপল এটি চালু করে। এটি আইপ্যাড এয়ার ২, আইপ্যাড মিনি ৩, আইপ্যাড প্রো ও এগুলোর পরের জিপিএস ও সেলুলার ভার্সনের ডিভাইসগুলোতে যুক্ত থাকত। এছাড়া অ্যাপল সিমের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়্যারলেস পরিষেবা গ্রহণ করা যায়। আইওএস ও আইপ্যাডওএস থেকে এগুলো নির্ধারণ করা যায়। ফলে আলাদাভাবে কোনো ফিজিক্যাল সিম ব্যবহারের প্রয়োজন হয় না।

অ্যাপল সিমযুক্ত আইপ্যাডগুলো বাজারজাতের সময় কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে ফিচারের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। দ্য ভার্জ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিভিন্ন নেটওয়ার্ক অপারেটরের পরিষেবা গ্রহণকারী ব্যবহারকারীদের মধ্যে যারা স্বল্পমেয়াদে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে তাদের জন্য এ ফিচার।

মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিঅ্যান্ডটি, যুক্তরাষ্ট্রের টি-মোবাইল, ইই, এইউ, গিগস্কাই, ট্রুফোন, থ্রি ও অলয়েজ অনলাইন ওয়্যারলেস অ্যাপল সিম সাপোর্টেড। অ্যাপলের তথ্যানুযায়ী, এসব প্রতিষ্ঠান বিশ্বের ১০০-এর বেশি দেশে নেটওয়ার্ক সরবরাহ করছে।