চীনের কাছ থেকে চিপ উৎপাদনসংক্রান্ত প্রযুক্তি চুরি রোধে দ্রুত সময়ের মধ্যে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী। রেড সাপ্লাই চেইনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য এ আইন প্রয়োজন বলে জানান তিনি। খবর রয়টার্স।
ফেব্রুয়ারিতে তাইওয়ানের মন্ত্রিসভা তাইপেতে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে নিয়মগুলো কঠোর করার প্রস্তাব দিয়েছিল। তাইপে জানিয়েছিল, গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে বেইজিং বর্তমানে নিজেদের অঞ্চল বলে দাবি করছে এবং অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি বাড়াচ্ছে।
তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) উত্পত্তিস্থল এবং বিশ্বের ৯২ শতাংশ অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশটি চিপ উৎপাদনের সামগ্রিক বিষয় নিয়ে কাজ করে। যেটি বর্তমানে চীনের অন্যতম প্রয়োজনীয় বিষয়। তাইওয়ান যে চিপ তৈরি করে, সেগুলো ফাইটার বিমান থেকে শুরু করে সেলফোনে ব্যবহূত হয়। এ পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন থেকেই দেশটির সরকার এ সফলতাকে অনুকরণের বিষয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল, যার মধ্যে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি, দক্ষ কর্মীদের নিয়োগ প্রদানসহ অন্যান্য বিষয় রয়েছে।
মন্ত্রিপরিষদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু টিসেং চ্যাং রেড সাপ্লাই চেইনকে চীনের বর্তমান ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির চিহ্ন হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতির তথ্যানুযায়ী, চীন প্রশাসন দক্ষ কর্মীদের অধিক বেতনে নিয়োগ প্রদানসহ প্রযুক্তি চুরির মাধ্যমে তাইওয়ানের সাফল্যে হস্তক্ষেপ করছে।










