ব্যবহারকারীদের কথা মাথায় রেখে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে ‘আনমেনশন’ নামের একটি ফিচার উন্মুক্ত করেছে টুইটার। এ ফিচারের মাধ্যমে চাইলে কোনো আলোচনা থেকে নিজেকে সরিয়ে নিতে পারবে টুইটার ব্যবহারকারীরা। খবর এনগ্যাজেট।

এক বিবৃতিতে টুইটার জানায়, নতুন ফিচারটির মাধ্যমে যে কেউ বিদ্যমান কোনো কথোপকথন থেকে তাদের নাম মুছে দিতে বা সরিয়ে দিতে পারবে। এর মাধ্যমে অপ্রত্যাশিত আলোচনায় যুক্ত থাকা থেকে মুক্তি মিলবে ব্যবহারকারীদের। নোটিফিকেশন আসা বন্ধ করতে চাইলে এখন ব্যবহারকারীরা কথোপকথন থেকে বের হয়ে যেতে পারবে। ফলে নতুন কোনো নোটিফিকেশন আসবে না এবং পুনরায় যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। মূলত টুইটারে হয়রানি প্রতিরোধের বিষয়টি সামনে রেখে এ ফিচার উন্মুক্ত করা হয়েছে।

টুইটার জানায়, ব্যবহারকারীদের কাছে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মকে আরো গ্রহণযোগ্য করতে প্রায় এক বছর ধরে কাজ করেছে তারা। প্রাথমিকভাবে ওয়েব ভার্সনের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছিল। কোনো টুইটে অ্যাকাউন্ট মেনশনকে সহজ রাখতে এখন পর্যন্ত বেশকিছু ফিচার চালু করেছে মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি। এর মধ্যে অ্যান্টি-হ্যারাজমেন্ট সেফটি মোডও রয়েছে, যেটি ক্ষতিকর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে। ফিচারটি এখন পর্যন্ত বেশ কার্যকর। টুইটারে একজন ব্যবহারকারীকে প্রতিনিয়ত বন্ধু থেকে শুরু করে স্প্যামার ও অন্যদের অপ্রয়োজনীয় মেনশনের মুখে পড়তে হয়। ফিচারটির মাধ্যমে মেনশনের বিষয়টি নিয়ন্ত্রণ করা যাবে।