কয়েক সপ্তাহ আগে চীনের বাজারে উন্মোচনের পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে সর্বাধুনিক স্মার্টফোন অ্যাক্সন ৪০ আল্ট্রা উন্মোচন করেছে জিটিই। খবর ফোনঅ্যারেনা।
৮০০ ডলারে যুক্তরাষ্ট্রের বাজারে জিটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা কেনা যাবে। সে হিসেবে সুলভ মূল্যেই নতুন স্মার্টফোনটি কিনতে পারবেন মার্কিন ভোক্তারা। ডিভাইসটিতে ৮ জিবি র্যামের পাশাপাশি ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। অ্যাক্সন আল্ট্রার আরেকটি সংস্করণ রয়েছে। এজন্য ক্রেতাদের ৯০০ ডলার ব্যয় করতে হবে। একই মডেলের ফোনটির র্যাম হবে ১২ জিবি ও স্টোরেজ সক্ষমতা ২৫৬ গিগাবাইট।
জিটিই অ্যাক্সন ৪০ আল্ট্রা ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড কার্ভড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। সংশ্লিষ্টরা বলছেন, গেমিংয়ের জন্য ডিভাইসটি বেশ ভালো।
তথ্যানুযায়ী, জিটিইর নতুন ডিভাইসটিতে তিনটি ক্যামেরা রয়েছে। এর মধ্যে সনির ডুয়াল আইএমএক্স ৭৮৭ সেন্সর রয়েছে। এছাড়া একটি উন্নত মানের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরাও রয়েছে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে সদ্য যুক্তরাষ্ট্রের বাজারে আসা ফোনটিতে। ডিভাইসটির চার্জিং সক্ষমতা ৬৫ ওয়াট। এতে কোয়ালকমের কুইক চার্জার ফোর প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।










