রোবোটিকস প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে ৫৩ লাখ ডলার বিনিয়োগের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল। লাইটহাউজ প্রোগ্রাম নামের একটি কৌশলগত সহযোগিতা প্রকল্পের অংশ হিসেবে এ বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
সিউল ও জেরুজালেমের মধ্যে একটি যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্প হিসেবে লাইটহাউজ প্রোগ্রামটি গত বছর দুই দেশের মধ্যে শিল্প প্রযুক্তি চুক্তিতে সম্পাদিত একটি সংশোধনের ফলোআপ মাত্র। দুটি দেশই প্রযুক্তিগত উন্নয়নে তাদের বার্ষিক অর্থায়নের পরিমাণ ৪০ লাখ ডলারে উত্তীর্ণের বিষয়ে সম্মত হয়েছে। পাশাপাশি সরকারি সহায়তা বাড়ানোর বিষয়েও ইঙ্গিত দিয়েছে।
বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, চলতি বছর লজিস্টিকস, কৃষি, প্রাণিসম্পদ, ব্যক্তিগত পরিষেবা ও স্বাস্থ্য পরিচর্যার জন্য রোবোটিকসের উন্নয়নে কাজ করা হবে। ভবিষ্যতে স্বচালিত গাড়ি ও হাইড্রোজেন প্রযুক্তি খাতকেও প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলেও জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আগের প্রোগ্রামগুলোয় প্রতিটি দেশ থেকে একটি প্রতিষ্ঠানের অংশ নেয়ার নিয়ম থাকলেও লাইটহাউজ প্রোগ্রামে অংশগ্রহণকারী দুই দেশে থেকে একটি প্রতিষ্ঠান, একটি বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করতে হবে। লাইটহাউজ প্রোগ্রামে নির্বাচিত হলে কোনো প্রতিষ্ঠানের একটি প্রজেক্ট আন্তঃসরকারি তহবিল থেকে ৫৩ লাখ ডলার আর্থিক সহায়তা পাবে অথবা পরবর্তী দুই-পাঁচ বছরের মধ্যে প্রকল্পের মোট ব্যয়ের ৬৬ শতাংশ দেয়া হবে।
সিউলের কর্মকর্তারা ও ইসরায়েলের ইনোভেশন কর্তৃপক্ষ দুটি দেশের মধ্যে লাইটহাউজ প্রোগ্রাম চালুর বিষয়টি জানাতে একটি উদ্বোধনী সম্মেলনের আয়োজন করেছিল বলে মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। দুটি দেশের গবেষক ও রোবোটিকস শিল্পের সঙ্গে জড়িতরাও এতে অংশগ্রহণ করে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ভবিষ্যতে দুই দেশের সরকার প্রাইভেট গবেষণা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সহায়তা করবে।










