দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ডিজিটালভাবে রূপান্তরে সহায়তা করতে কাজ করছে ডেল টেকনোলজিস ও মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস পার্টনার কোলোসিটি লিমিটেড। এ লক্ষ্যে প্রথমবারের মতো মাইক্রোসফট অ্যাজুর স্ট্যাক হাব হাইব্রিড ক্লাউড কোলোসিটি ক্লাউড নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় পর্যায়ে তথ্য সংরক্ষণে ব্যবসায়িক উদ্বেগ নিরসনের পাশাপাশি ডাটা কমপ্লায়েন্সের নিশ্চয়তা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তার প্রয়োজনীয় সমাধান দিচ্ছে প্রতিষ্ঠানটি। কোলোসিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমাদ ইস্পাহানি বলেন, দেশের অনেক কোম্পানি ঐতিহ্যগত প্রাতিষ্ঠানিক অবকাঠামো থেকে পাবলিক ক্লাউডে যেতে প্রস্তুত নয়। প্রতিষ্ঠানের কর্ণধাররা তাদের ডাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চান এবং সেগুলো কাছাকাছি রাখতে পছন্দ করেন। এছাড়া দেশের আইন অনুযায়ী, আর্থিক খাতের তথ্যসহ নির্দিষ্ট তথ্য দেশের মধ্যেই রাখতে হবে। তাই ক্লাউড সক্ষমতা দেশের ব্যবসাগুলোর জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। এর মধ্যে কোলোসিটির পরিষেবা অনেক প্রতিষ্ঠান ব্যবহার করছে।
তিনি আরো বলেন, সম্প্রতি দেশে প্রচুর এসএপি ও ওরাকল এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি সফটওয়্যার ব্যবহার হচ্ছে। ইআরপির জন্য নিজস্ব অবকাঠামো অত্যন্ত ব্যয়বহুল। এ সমস্যা সমাধান করতে পারে হাইব্রিড ক্লাউড। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মাইক্রোসফটের অ্যাজুর স্ট্যাক হাবের ওপর ভরসা রাখা যায়।
তিনি বলেন, কোলোসিটি লিমিটেড বাংলাদেশের প্রথম টায়ার-৩ মানের কমার্শিয়াল ডাটা সেন্টার, যা আমরা নিজ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অ্যাজুর স্ট্যাক হাবের মতো হাইব্রিড ক্লাউড নিয়ে এসেছি।
এমাদ জানান, কোলোসিটি এমন সেবা দিচ্ছে যা সর্বোচ্চ স্তরের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা দেয়। দেশের প্রথম হাইব্রিড ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমরা। গ্রাহকের প্রয়োজনীয় সেবা দিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এতে স্থানীয় ব্যবসাগুলো সাশ্রয়ী খরচে ডাটা সুরক্ষিত রেখে উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হচ্ছে।










