চীনের চিপ উৎপাদন খাতের বিকাশকে বাধা প্রদানে সব ধরনের প্রযুক্তি সরবরাহ বন্ধে আইন ও বিধিনিষেধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। প্রণোদিত বিধি মেনে কার্যক্রম পরিচালনার ইঙ্গিত দিয়েছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। খবর রয়টার্স।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন, যেখানে যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় তৈরি করা চিপের সংস্পর্শ থেকে চীনকে দূরে রাখার কথা বলা হয়েছে। মূলত বেইজিংয়ের প্রযুক্তিগত সক্ষমতা কমানোর পাশাপাশি সামরিক খাতের অগ্রগতি রোধে এ উদ্যোগ নেয়া হয়েছে।
চিপ উৎপাদনে বিশ্বের অন্যতম দেশ তাইওয়ান। যুক্তরাষ্ট্রের ঘোষণার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে তাইওয়ানের অর্থ মন্ত্রণালয় জানায়, দেশটির ফার্মগুলো আইন মেনেই কার্যক্রম পরিচালনা করে। তাইওয়ান সেমিকন্ডাক্টর দীর্ঘদিন ধরে বৈশ্বিক গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছে এবং আইন মেনে চলার বিষয়ে তারা প্রত্যয়ী।
মন্ত্রণালয় জানায়, প্রযুক্তি খাতে তাইওয়ান সেমিকন্ডাক্টর নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাহিদা পূরণে এক ধাপ এগিয়ে। দেশটির সরকার উৎপাদনকারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে এবং বৈশ্বিকভাবে কারখানা সম্প্রসারণ ও সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে তাদের সহায়তা করছে। তবে এ বিষয়ে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোনো মন্তব্য করেনি।










