ভারতের স্মার্টফোন বাজারে ১৫০ ডলার বা ১২ হাজার রুপির কম মূল্যের চীনা ফোন বিক্রিতে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার।

শাওমির মতো চীনা কোম্পানিগুলোর স্বল্পমূল্যের ফোনের কারণে স্থানীয় উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সেলফোন বাজার দখল করে আছে।

ভারতে ব্যবসা করছে শাওমি, অপো, ভিভোর মতো চীনা কোম্পানিগুলো। কোম্পানিগুলো কোনো প্রকার ফাঁকি বা মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত কিনা তাও দেখা হচ্ছে। হুয়াওয়ে টেকনোলজি ও জেডটিই করপোরেশনকে অনানুষ্ঠানিক পন্থায় কোণঠাসা রাখার নীতি অবলম্বন করেছে মোদি সরকার। 

সাশ্রয়ী ফোনের বাজারে চীনা কোম্পানিগুলোকে হটিয়ে স্থানীয় কোম্পানিগুলোর অবস্থান জোরদারে নেয়া সরকারি নীতির ব্যাপারে শাওমি, রিয়েলমির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনো প্রতিনিধি এ বিষয়ে কথা বলতে সম্মত হননি। অবশ্য ভারত সরকারের এমন তত্পরতা থেকে অ্যাপল ও স্যামসাং ইলেকট্রনিকস নিরাপদে রয়েছে। অবশ্য মাঝারি দাম ও উচ্চমূল্যের স্মার্টফোনে এ দুটি কোম্পানির একচ্ছত্র আধিপত্য।