চলতি বছরের প্রথম প্রান্তিকে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশনের (আইবিএম) আয় প্রায় ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২০ কোটি ডলার। বিশ্লেষক সংস্থা রেফিনিটিভ ডাটার পূর্বাভাস যেখানে ছিল ১ হাজার ৩৮৫ কোটি ডলার। ক্লাউড সেবা থেকে আইবিএমের আয় ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০০ কোটি ডলার। বিশ্লেষকদের পূর্বাভাস, চলতি বছরে নিউইয়র্কভিত্তিক কোম্পানিটির বার্ষিক আয় ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬ হাজার ৬৯ কোটি ডলারে দাঁড়াবে। খবর সিএনবিসি।
এক বিবৃতিতে আইবিএম জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে আইবিএমের আয় ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির সিইও অরবিন্দ কৃষ্ণা জানান, আইবিএমের মোট আয়ে ৫ শতাংশীয় পয়েন্ট অবদান রেখেছে কিয়ানড্রিল নামে একটি অবকাঠামো পরিষেবা।
প্রথম প্রান্তিকে আইবিএমের সফটওয়্যার সেগমেন্ট থেকে আয় হয়েছে ৫৭৭ কোটি ডলার। স্ট্রিটঅ্যাকাউন্টের ৫৬৩ কোটি ডলার আয়ের পূর্বাভাস থেকে যা ১২ শতাংশ বেশি। পরামর্শক সেবা থেকে আইবিএমের আয় হয়েছে ৪৮৩ কোটি ডলার, যা স্ট্রিটঅ্যাকাউন্টের ৪৬০ কোটি ডলারের পূর্বাভাস থেকে ১৩ শতাংশ বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালেও চাঙ্গা আয় ধরে রাখবে আইবিএম। তবে রাশিয়ায় ব্যবসা বন্ধের কারণে ৩০ কোটি ডলার আয় কম হতে পারে তাদের। রাশিয়ার সার্ভার বাজারে আধিপত্য আইবিএম, ডেল ও এইচপির। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে গত মার্চে রাশিয়ায় কার্যক্রম বন্ধ ঘোষণা করে আইবিএম।










