ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় বিক্রি করা নতুন গাড়িগুলোয় গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করতে হবে। এটি ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্ট্যান্ট (আইএসএ) নামে পরিচিত। সাধারণ যানবাহন নিরাপত্তা প্রবিধানের অংশ হিসেবে সম্প্রতি এটি কার্যকর করা হয়েছে। খবর এনগ্যাজেট।
বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে যে গাড়ি রয়েছে, সেগুলোর জন্য এ বিধান প্রযোজ্য নয়। তবে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করা গাড়িগুলোয় বিল্ট ইন ফিচার হিসেবে এ প্রযুক্তি থাকতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপিয়ান কমিশন জানায়, সব গাড়িতে আইএসএ থাকার বিধানটি চালু জনসাধারণের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতের অন্যতম একটি পদক্ষেপ। এর মাধ্যমে রাস্তায় জানমালের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি দুর্ঘটনার হারও কমিয়ে আনা যাবে। গ্রাহক তথা ক্রেতাদের নিরাপদ সড়ক প্রদানে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বর্তমানে আইএসএ ফিচারটির বিস্তারে সমূহ সুযোগ রয়েছে।
আইএসএ এমন একটি প্রযুক্তি, যা গাড়ির সামনে থাকা ক্যামেরা, জিপিএস বা ডাটা অথবা দুটোই ব্যবহারের মাধ্যমে রাস্তায় নির্ধারিত গতিবিধি ও গাড়ির গতি যাচাই করতে পারবে। ইন্টেলিজেন্ট স্পিড অ্যাসিস্ট্যান্টের নির্ধারিত মডেল ও চালকের প্রোফাইল অনুযায়ী এ প্রযুক্তি গাড়ির নির্দিষ্ট গতিসীমার বিষয়ে প্রতিক্রিয়া জানাবে। এছাড়া প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে রাস্তার নির্ধারিত গতিসীমার সঙ্গে সামঞ্জস্য বিধান করবে অথবা গাড়ির ইঞ্জিনের শক্তি কমিয়ে গতি কমাতে কাজ করবে।
বর্তমানে ইউরোপের অধিকাংশ চালক আইএসএ প্রযুক্তিসংবলিত গাড়ি ব্যবহার করে। এছাড়া হোন্ডা, ফোর্ড, জিপ ও মার্সিডিজ বেঞ্জসহ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ইউরোপের বাজারে এ প্রযুক্তিযুক্ত গাড়ি বাজারজাত করে। তবে অটোকারের তথ্যানুযায়ী এখনো সেভাবে কার্যকর হয়নি। একটি পরীক্ষায় আইএসএ ধীরগতিতে কাজ করেছে বলে জানা গেছে।










