ফেসবুক ব্যবহারকারীদের লগইন ক্রেডেনশিয়াল বা তথ্য চুরিতে ম্যালওয়্যার ছড়াচ্ছে এমন ৪০০-এর বেশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের সন্ধান পেয়েছে মেটা। খবর টেকটাইমস।
প্রতিষ্ঠানটির দাবি, তারা এরই মধ্যে ক্ষতিকর অ্যাপগুলোর বিষয়ে অ্যাপল ও গুগলকে অবহিত করেছে। সেই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে যারা অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিতে কাজ করতে চায় তাদের সহায়তা করতে আগ্রহী। ম্যালওয়্যার ছড়ানো এসব অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে ছবি সম্পাদনা, গেম, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), বিজনেস
অ্যাপ ও অন্যান্য টুলের ভুয়া টাইটেল ব্যবহার করে ছড়িয়ে দেয়া হয়েছে এবং ব্যবহারকারীদের সেগুলো ডাউনলোড করার জন্য প্ররোচিত করা হচ্ছে।
অ্যাপগুলোর মধ্যে ছবি সম্পাদনার মাধ্যমে নিজেকে কার্টুনে পরিণত করা, ভিপিএনে অধিক গতির নিশ্চয়তা ও নিষিদ্ধ ওয়েবসাইটে অবাধে প্রবেশের সুযোগ, স্মার্টফোনের ফ্ল্যাশলাইটের উজ্জ্বলতা বাড়ানো, কোনো মোবাইল গেমে থ্রিডি গ্রাফিকস ব্যবহারের অত্যদিক দাবি, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য রাশিফল ও ফিটনেস ট্র্যাকারসহ ব্যবসায়িক বিভিন্ন সুবিধা দেয়ার কথা বলা হয়।
যারা ম্যালওয়্যার তৈরি ও ছড়ায় তারা মোবাইল অ্যাপ স্টোরে বিনোদনমূলক বা প্র্যাক্টিক্যাল অ্যাপের আড়ালে কার্যক্রম পরিচালনা করে। ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডে প্ররোচিত করার জন্য ডেভেলপাররা ভালো রিভিউ ও রেটিংসও দেয়। অ্যাপ ডাউনলোডের পর ব্যবহারকারীদের ফেসবুক ব্যবহার করে লগইন করার কথা জানানো হয়। কেউ লগইন ক্রেডেনশিয়াল ব্যবহার করলে স্পাইওয়্যার সেসব তথ্য ও পাসওয়ার্ড হাতিয়ে নেয় বলে জানিয়েছে মেটা। একবার লগইন ক্রেডেনশিয়াল হ্যাকারদের হাতে চলে গেলে অ্যাকাউন্ট চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনুপ্রবেশের মাধ্যমে আক্রমণকারীরা ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি প্রিয়জনদের কাছে বার্তা পাঠাতে পারবে এবং ক্ষেত্রবিশেষে কেউ কেউ জালিয়াতির মাধ্যমে অর্থও হাতিয়ে নিতে পারে।










