মেসেঞ্জারে এন্ড টু এন্ড ফিচার চালুতে কয়েক বছর ধরে কাজ করছে মেটা। এর অংশ হিসেবে এবার কোয়েস্ট ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

এক ব্লগপোস্টের তথ্যানুযায়ী, নতুন ভি৪০ সফটওয়্যার আপডেটের মাধ্যমে মেটা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটে মেসেজ ও অডিও কলের জন্য অপশনাল এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচারের পরীক্ষা চালাচ্ছে। তবে পরীক্ষায় কয়জন অংশ নিয়েছে বা কীভাবে ফিচারটি চালু করা যাবে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভি৪০-এর অন্যান্য কিছু ফিচার আপডেটের সঙ্গে এন্ড টু এন্ড এনক্রিপশনের পরীক্ষার বিষয়টি যুক্ত হয়েছে। আপডেটে নতুন অডিও অ্যাকসেসিবিলিটি অপশনের সঙ্গে বাম ও ডান পাশের স্পিকারে গান শোনার জন্য মনো অডিও ফিচার দেয়া হয়েছে। এর পাশাপাশি একজন ব্যবহারকারী বর্তমানে নির্ধারিত কিছু অ্যাপ প্যাটার্ন লকের মাধ্যমে সুরক্ষিত রাখতে পারবে। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদের থেকে অ্যাপ সুরক্ষিত রাখতে পারবে। এর আগে ব্যবহারকারীরা প্যাটার্নের মাধ্যমে শুধু হেডসেট লক করতে পারত।