ওয়ার্ডের যেকোনো ডকুমেন্ট আরো সহজে পরিবর্তন ও দেখার সুবিধা দিতে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। মূলত ওয়ানড্রাইভের আপডেটের কারণে এটি সম্ভব হচ্ছে। খবর টেকরাডার।

সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, ক্লাউড স্টোরেজ প্লাটফর্মে নতুন ফিচার যুক্ত করার জন্য কাজ করছে। অনলাইনে যে কারো সঙ্গে ওয়ার্ড ফাইল আরো সহজে শেয়ার করার সুবিধা দিতেই এ উদ্যোগ। নতুন আপডেটের পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট ওয়ার্ড ওয়েব ভার্সনের ব্যবহারকারীরা শেয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে যাদের ফাইলটি দেখার অনুমতি দিতে চায়, তাদের যুক্ত করার পর ওয়ানড্রাইভে সেটি আপলোড করতে পারবে।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে কারা রিভিউয়ের মধ্যে থাকবে তা নির্ধারণ করতে পারবে। অর্থাৎ ড্রাইভে থাকা ওয়ার্ড ফাইলটি কারা দেখতে পারবে তা নির্ধারণ করে দেয়া যাবে। মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপে ওয়ার্ড ডকুমেন্ট শেয়ার করার জন্য নতুন রিভিউ মোডের কথা উল্লেখ করা হয়েছে। তবে এটি এখনো পরীক্ষাধীন বলেও জানা গেছে। বিশ্লেষকদের আশা চলতি মাসেই ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে হাইব্রিড কর্মপরিবেশের চল বেড়েছে। ব্যবহারকারীরা যেন নতুন ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেটি নিশ্চিতে ওয়ার্ডে নতুন আপডেট যুক্ত করতে কাজ করছে মাইক্রোসফট। ব্যবহারকারীরা এখন থেকে মাইক্রোসফট ওয়ার্ডের রিবনে এডিটিং বাটনটি দেখতে পারবে। সেটিতে ক্লিক করার পর এডিটিং, রিভিউয়িং ও ভিউয়িং এ তিনটি অপশন দেখা যাবে।