যুক্তরাজ্যের ভিসাপ্রার্থীদের সহায়তায় নতুন উদ্যোগ নিয়েছে বিভিন্ন ভাষা শিক্ষা প্লাটফর্ম ডুয়োলিঙ্গো। অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের কম খরচে ও সহজে এ সেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে তারা।
অনলাইন ভাষাশিক্ষণ অ্যাপটির প্রতিষ্ঠাতা লুইস ভন আন বলেন, যারা যুক্তরাজ্যে পড়তে কিংবা কাজের উদ্দেশে যেতে চায়, তাদের জন্য ডুয়োলিঙ্গোর পরীক্ষাটি অত্যন্ত সময়োপযোগী ও সাশ্রয়ী।
বর্তমানে যুক্তরাজ্যের ভিসা পেতে ভাষা দক্ষতা পরীক্ষায় প্রার্থীদের ১ হাজার ডলারেরও বেশি খরচ করতে হয়। অথচ ডুয়োলিঙ্গো অ্যাপের মাধ্যমে খরচ হয় মাত্র ৪৯ ডলার।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৩৪টি দেশে যুক্তরাজ্যের অনুমোদিত ভাষা দক্ষতা সেন্টার চালু আছে। যেখানে ভিসাপ্রার্থীদের ভাষা দক্ষতা পরীক্ষা দিতে হয়। যেসব দেশে এখনো যুক্তরাজ্যের অনুমোদিত পরীক্ষা সেন্টার নেই, সেসব দেশের নাগরিকদের বাধ্য হয়ে অনুমোদিত সেন্টার আছে এমন দেশে ভ্রমণ করতে হয়।
২০১২ সালে লুইস ভন আন তার সহযোগী প্রতিষ্ঠাতা স্যাভারিন হ্যাকারকে নিয়ে ডুয়োলিঙ্গো অ্যাপ চালু করেছিলেন। অ্যাপটিতে বর্তমানে ৪০টি ভাষা প্রশিক্ষণ ব্যবস্থা চালু আছে এবং অ্যাপটি বিশ্বব্যাপী ৫০ মিলিয়নেরও বেশিবার ডাউনলোড হয়েছে। কেবল যুক্তরাজ্যেই এ সংখ্যা ২০ লাখের বেশি।
২০১৬ সালে অ্যাপটি অনলাইনভিত্তিক ভাষা দক্ষতা পরীক্ষা চালু করে, যা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। এছাড়া যুক্তরাজ্যের ৭৫টি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে ডুয়োলিঙ্গো’র টেস্টটি স্বীকৃতি দিয়েছে। শিগগিরই যুক্তরাজ্য সরকারও স্বীকৃতি দেবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।










