চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত চিপ রফতানিতে যে বিধিনিষেধ বা আইন আরোপ করা হয়েছে শিগগিরই সে বিষয়ে আরো বিস্তারিত জানাবে বাইডেন প্রশাসন। সম্প্রতি হোয়াইট হাউজ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রযুক্তি খাতের দায়িত্বে থাকা তরুণ ছাবরার বরাতে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত মাসে এনভিডিয়া করপোরেশন ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) কাছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় চিঠির মাধ্যমে এমন সব চিপের বাজারজাত বন্ধের আহ্বান জানিয়েছে যেগুলো প্রাকৃতিকভাবে ভাষা প্রক্রিয়াকরণ ও নিউক্লিয়ার অস্ত্রের গবেষণায় ব্যবহূত হতে পারে।
ব্রুকিংস ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে ছাবরা এ কথা জানান। তবে আইনটি কেমন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সেপ্টেম্বরের শুরুতে অন্য এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত চিপ সরবরাহ বন্ধে আইন তৈরি করছে। অক্টোবরেই আইনটি কার্যকরের সম্ভাবনা রয়েছে।
চিঠি পাওয়ার পর এনভিডিয়া জানায়, এর ফলে চলতি ত্রৈমাসিকে তাদের ৪০ কোটি ডলারের বেশি রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে। এ তথ্য প্রকাশের পরপরই এনভিডিয়ার বাজার হিস্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে। চিপ রফতানি বন্ধের আইন কীভাবে লিখিত হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, ডাটা সেন্টারে দ্রুত সময়ের মধ্যে বড় তথ্য স্থানান্তরে একটি চিপের যে সক্ষমতা এ নিষেধাজ্ঞার কারণে সেটি প্রভাবিত হবে।










