মোবাইলের আনলিমিটেড বা মেয়াদবিহীন ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

নিজের বক্তব্যে মন্ত্রী বলেন, আনলিমিটেড ডাটা প্যাকেজের মাধ্যমে বাংলাদেশ যে যুগে প্রবেশ করলো তা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সে হিসেবে আজকের দিনটি স্মরণীয়। তিনি মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে বলেন, ব্যবসা করার ক্ষেত্রে জনগণের ক্রয়ক্ষমতা, তাদের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে সেবা দিতে হবে। তাহলে সে ব্যবসা দ্রুত জনপ্রিয় হবে। মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে ডাটা প্যাকেজগুলো আরো জনবান্ধব করা যায় কিনা তা বিশ্লেষণের পরামর্শ দেন। পাশাপাশি নেটওয়ার্কের সমস্যা, কলড্রপ ইত্যাদি সমাধানের মাধ্যমে সেবার গুণগত মান বাড়ানোর কথাও বলেন তিনি।

প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি এবং বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি পাওয়া যাবে। এছাড়া গ্রামীণফোনের ১৫ জিবি কিনতে হবে ১ হাজার ৯৯ টাকায় ও ৫ জিবি প্যাকেজ কেনা যাবে ৪৪৯ টাকায়।  টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। 

তবে আনলিমিডেট হিসেবে প্রচারিত এ ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।