কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা বাংলাদেশী কোম্পানি রিভ চ্যাট মেক্সিকো সরকারের জন্য একটি চ্যাটবট তৈরি করেছে। এর মাধ্যমে দেশটির জনগণ সহজেই সরকারি তথ্য পাবে। সেইসঙ্গে পাওয়া যাবে প্রয়োজনীয় সাপোর্ট।
মেক্সিকো সরকারের স্বায়ত্তশাসিত সাংবিধানিক
সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্রান্সপারেন্সি, একসেস টু ইনফরমেশন অ্যান্ড প্রটেকশন অফ পারসোনাল ডাটা সম্প্রতি বাংলাদেশী
কোম্পানি রিভ চ্যাট থেকে নেয়া চ্যাটবট চালু করেছে। এই চ্যাটবট ব্যবহার করে দেশটির
মানুষ সহজে সরকারি তথ্য পাবে এবং সেবাও নিতে পারবে। দেশটির সাড়ে নয় কোটিরও বেশি
ইন্টারনেট ব্যবহারকারী এই সেবার আওতায় আসবে।
ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা এবং জনগণের
প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তির বিষয়টিকে অবাধ ও স্বয়ংক্রিয় করার লক্ষ্যে ক্যাভিনাই নামে
একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চালু করেছে মেক্সিকো। এখন পর্যন্ত দেশটির
নাগরিকরা আইএনএআই-এর ওয়েবসাইট কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে
পারছেন। ভবিষ্যতে যুক্ত হতে পারে আরো কোনো মাধ্যম।
আইএনএআই-এর কমিশনার আদ্রিয়ান আলকালা মেন্দেজ
বলেন, এর মাধ্যমে আমরা জনগণের তথ্য লাভ ও ব্যক্তিগত
তথ্য সুরক্ষার অধিকার নিশ্চিত করবো। হাতে শুধু ফোন আর সঙ্গে ইন্টারনেট থাকলেই
সাধারণ মানুষ পেয়ে যাবে প্রয়োজনীয় সব তথ্য।
উন্মুক্ত করার পর এক মাসে এই চ্যাটবট দেশটির
সাধারণ মানুষের সঙ্গে চার হাজারের বেশি সেশন সম্পন্ন করেছে। এর মধ্যে ১৩ শতাংশ ছিল
হোয়াটসঅ্যাপে এবং ৮৭ শতাংশ সেশন ছিল সংস্থাটির ওয়েবসাইটে।
রিভ গ্রুপের সিইও এম রেজাউল হাসান বলেন, আধুনিক যেকোনো প্রতিষ্ঠানই আজকাল উন্নত
প্রযুক্তির দিকে ঝুঁকছে। সরকারি প্রতিষ্ঠানও এর ব্যতিক্রম নয়। নাগরিকদের সঙ্গে
যোগাযোগকে সহজ করার জন্য তারাও চ্যাটবটের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে।
মেক্সিকো সরকার এই প্রযুক্তির ব্যবহার শুরু
করায় তিনি আরো বলেন, সুদূর আমেরিকা মহাদেশের দেশ মেক্সিকোকে
চ্যাটবট সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশের
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রযুক্তি পণ্য ও সেবা সরবরাহ করার মাধ্যমে আমরা
বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছি।
প্রসঙ্গত, রিভ
চ্যাট একটি গ্রাহক যোগাযোগ প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকদের যোগাযোগের
জন্য উন্নত প্রযুক্তি সরবরাহ করে থাকে কোম্পানিটি। এসব প্রযুক্তির মাধ্যমে
প্রতিষ্ঠান ও গ্রাহক পরস্পরের সঙ্গে ওয়েবসাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন মাধ্যমে খুব সহজেই যোগাযোগ করতে পারে।










