চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রিতে মারাত্মক ধস নেমেছে। ক্যানালিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ১৮ শতাংশ কমে ৬ কোটি ৯৪ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। ভোক্তা ও শিক্ষা খাতে চাহিদায় শ্লথগতির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আইটি খাতে ব্যয়ে সতর্ক হওয়ায় পিসি ক্রয় কমে গিয়েছে। জটিল সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, উচ্চমূল্যস্ফীতি, ক্রমবর্ধমান সুদহার বৃদ্ধিতে ২০২৩ পর্যন্ত বৈশ্বিক পিসি বাজারে অস্থিরতা থাকবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মহামারীতে রেকর্ড বিক্রি হলেও গত প্রান্তিকে সবচেয়ে ধাক্কা খেয়েছে নোটবুক সেগমেন্ট। তৃতীয় প্রান্তিকে নোটবুক বিক্রি ১৯ শতাংশ কমে ৫ কোটি ৪৭ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। ডেস্কটপ বিক্রি ১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ইউনিট। পিসি বিক্রিতে শীর্ষস্থান ধরে রাখলেও গত প্রান্তিকে লেনোভোর বিক্রি বছরওয়ারি কমেছে ১৬ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনা কোম্পানিটির বিক্রি হয়েছে ১ কোটি ৬৯ লাখ ইউনিট। দ্বিতীয় স্থানে মার্কিন কোম্পানি এইচপির বিক্রি ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ কোটি ২৭ লাখ ইউনিট। শীর্ষ পাঁচে থাকা কোম্পানির মধ্যে এইচপির বিক্রি সর্বাধিক কমেছে। তৃতীয় স্থানে থাকা ডেলের বিক্রি ২১ শতাংশ কমে ১ কোটি ২০ লাখে নেমেছে। ৮০ লাখ ম্যাকবুক বিক্রির মাধ্যমে চতুর্থ স্থান অ্যাপলের। এছাড়া ৫৫ লাখ ইউনিট বিক্রির মাধ্যমে পঞ্চম স্থানে রয়েছে তাইওয়ানভিত্তিক কোম্পানি আসুস।
তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ১৮% কমেছে
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রিতে মারাত্মক ধস নেমেছে। ক্যানালিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ১৮ শতাংশ কমে ৬ কোটি ৯৪ লাখ ইউনিটে দাঁড়িয়েছে।










