যেসব প্রযুক্তি জায়ান্ট তাদের প্লাটফর্মে গণমাধ্যমের বিভিন্ন কনটেন্ট শেয়ার করে, তাদের থেকে ফি আদায়ে নতুন পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। খবর গ্যাজেটসনাউ।

বিশ্বের অন্য দেশগুলো যখন গুগল, ফেসবুকের সঙ্গে ডিজিটাল নিউজ প্রকাশকদের মধ্যে রাজস্ব বা আয় বণ্টনে সমতামূলক পথ তৈরিতে কাজ করছে, তখন ভারত সরকার এ উদ্যোগ হাতে নিল। দেশটির তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিক পণ্যমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, এ পরিবর্তন কার্যকরের জন্য সরকার বিদ্যমান আইন সংশোধনের বিষয়ে ভাবছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে মন্ত্রী বলেন, ডিজিটাল অ্যাডভারটাইজিং বা বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রযুক্তি জায়ান্টগুলো যেভাবে একচেটিয়াভাবে বাজার নিয়ন্ত্রণে রেখেছে, তা ভারতের গণমাধ্যমগুলোর জন্য ক্ষতিকর। এ অবস্থার পরিবর্তনে নতুন নীতিমালা ও আইন প্রণয়নের মাধ্যমে ফি দেয়ার বিষয়টি কার্যকর করতে হবে।

নতুন আইনটি কার্যকর হলে ডিজিটাল নিউজ প্রকাশকদের মূল কনটেন্ট প্লাটফর্মে শেয়ার করার মাধ্যমে প্রযুক্তি জায়ান্টগুলো যা আয় করবে তার কিছু অংশ প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে। সার্চ ইঞ্জিন জায়ান্ট এরই মধ্যে জার্মানি, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ৩০০ প্রকাশকদের সঙ্গে লভ্যাংশ দেয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। ডিজিটাল সংবাদ প্রকাশক ও মধ্যস্থতাকারী প্লাটফর্মগুলোর মধ্যে লভ্যাংশ ভাগাভাগির ক্ষেত্রে ন্যায্যতা আনতে কানাডার সরকারও এ বছরের শুরুতে একটি আইন চালু করেছে।

চলতি বছরের মার্চে ভারতের কম্পিটিশন কমিশন (সিসিআই) দেশটির অনলাইন নিউজ মিডিয়া বাজারে গুগলের নিউজ রেফারেল ও অ্যাডটেক পরিষেবার বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে।