ভিডিও নির্মাতাদের জন্য নতুন ফিচার চালু করতে যাচ্ছে ভিডিও শেয়ারিং ও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। নির্মাতারা যাতে দর্শকদের কাছে তাদের ইউজার নেম দিতে পারে সেজন্য হ্যান্ডল নামের ফিচারটি চালু করা হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
ফিচারটি চালু হলে কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব শর্টস, চ্যানেলের পৃষ্ঠা, ভিডিও বিবরণে, মন্তব্যের ঘর ছাড়াও সব প্লাটফর্মে তাদের দর্শকদের চ্যানেল পরিচিত করা সহজ হবে। ইউটিউব কর্তৃপক্ষ বলছে, ফিচারটি ইউটিউবে প্রত্যেকের জন্য উন্মুক্ত থাকবে। এজন্য নির্দিষ্ট সাবস্ক্রাইবার সংখ্যার প্রয়োজন নেই।
ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যান্ডল ও ইউজার নেম ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত। কিন্তু ইউটিউব এতদিন নির্মাতাদের ভিডিও শিরোনামে, বর্ণনায় প্রতীকসহ চ্যানেলের নাম উল্লেখ করতে বা ইউটিউব লাইভ চ্যাটে চ্যানেল সরাসরি উল্লেখ করার সুযোগ দিত।
ইউটিউব জানিয়েছে, শিগগিরই নতুন হ্যান্ডল চ্যানেল পেজ ও শর্টস উভয় ক্ষেত্রেই প্রদর্শিত হবে, যা তাদের প্লাটফর্মজুড়ে সহজেই শনাক্ত করবে। হ্যান্ডলটি সম্পূর্ণরূপে চালু হওয়ার পর ব্যবহারকারীরা মন্তব্য, পোস্ট, ভিডিও বিবরণসহ অন্য সবখানে প্রতীকের সাহায্যে চ্যানেল উল্লেখ করতে সক্ষম হবে।
আগামী সপ্তাহ থেকে হ্যান্ডল ফিচারটি কার্যকর হওয়া শুরু করবে। তবে যে চ্যানেলগুলোর ব্যক্তিগত একটি ইউআরএল আছে তারা যদি কোনো পরিবর্তন না করেন তবে আগের ঠিকানায় কোনো পরিবর্তন আসবে না।










