নিয়ন্ত্রকদের নিষেধাজ্ঞার মুখে জুনের শুরুতে ভিডিও গেম স্ট্রিমিং ইউনিট পেঙ্গুইন ইস্পোর্টসের কার্যক্রম বন্ধ করে দেবে চীনের সোশ্যাল মিডিয়া ও গেমিং জায়ান্ট টেনসেন্ট হোল্ডিংস। খবর রয়টার্স।

অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রতিষ্ঠানটি জানায়, ব্যবসা উন্নয়ন কৌশল পরিবর্তনের অংশ হিসেবে ছয় বছর বয়সী প্লাটফর্মটির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেঙ্গুইন ইস্পোর্টসে হোস্টরা গেম খেলার পাশাপাশি অ্যামাজনের টুইচের মতো স্ট্রিম করতে পারত।

গত বছর হুয়া ও ডউইউকে একত্র করার মাধ্যমে টেনসেন্ট ১ হাজার কোটি ডলারের যে ভিডিও গেম স্ট্রিমিং পরিষেবা তৈরি করতে চেয়েছিল সেটি বাতিল করে দেয় বেইজিং। সে সময় হুয়া জানিয়েছিল, তারা পেঙ্গুইন ইস্পোর্টসকে নতুন মালিকানায় একীভূত করার পরিকল্পনা নিয়েছে।

রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রযুক্তি জায়ান্টগুলোর কার্যক্রমের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার অংশ হিসেবে গত দেড় বছরে তাদের বাজার ব্যবস্থায় পরিবর্তন আনার পাশাপাশি টেনসেন্ট ও আলিবাবার মতো প্রতিষ্ঠানকে পরিকল্পনা কমাতে বাধ্য করে।

সম্প্রতি দেয়া এক বিবৃতিতে টেনসেন্ট জানায়, পেঙ্গুইন ইস্পোর্টস এরই মধ্যে নতুন ব্যবহারকারী বা স্ট্রিমিং হোস্ট গ্রহণ বন্ধের পাশাপাশি বিদ্যমান ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আপডেটের সুযোগও বন্ধ করে দিয়েছে। আগামী ৭ জুনের মধ্যে সব অ্যাপ স্টোর থেকে এটি সরিয়ে দেয়ার পাশাপাশি কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। পেঙ্গুইন ইস্পোর্টসের পাশাপাশি টেনসেন্ট ফেব্রুয়ারিতে তাদের ই-কমার্স প্লাটফর্ম শিয়াওই পিনপিনও বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি এপিক গেমসের ফোর্টনাইট গেমের  সাপোর্টও বন্ধ করে দিয়েছে।