ভারতে প্লেস্টেশন ৫ গেমিং কনসোলের বাহ্যিক ডিজাইনে পরিবর্তন আনতে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে সনি। প্রতিষ্ঠানটি বিভিন্ন রঙের ফেসপ্লেট বিক্রি করে থাকলেও এতদিন ভারতে সেগুলো কেনা যেত না। তবে শিগগিরই এ খাতে পরিবর্তন আসতে যাচ্ছে। খবর গিজমোচায়না।
বিভিন্ন রঙের ফেসপ্লেটের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পিএস৫ গেমিং কনসোলের বাইরের রঙ পরিবর্তন করতে পারে। মূলত সাদা রঙে ডিভাইসটি বিক্রি করা হয়। ফেসপ্লেটের মাধ্যমে কালো, গোলাপি, বেগুনি, খয়েরি এমনকি নীল রঙের প্লেটও ব্যবহার করা যায়। জাপানের প্রযুক্তি জায়ান্টটি ভারতে খুব কমসংখ্যক ফেসপ্লেট সরবরাহ করেছে বলে জানা গেছে। শিগগিরই দেশের অভ্যন্তরে এগুলোর বিক্রি শুরু হবে বলে জানা গেছে।
বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের ধারণা, যে পরিমাণ ফেসপ্লেট দেয়া হয়েছে, সেগুলো বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। এটি অনেকটা ভারতের পিএস৫ কনসোলের মতো। ভারতে প্রতি মাসে ডিভাইসটি সংরক্ষণ করা হয় এবং বিক্রি শুরুর কিছু সময়ের মধ্যে সব শেষ হয়ে যায়। ইন্ডাস্ট্রি ইনসাইডার রিশি আলওয়ানি ফেসপ্লেট বাজারজাতের বিষয়টি নিশ্চিত করেছেন। একটি ফেসপ্লেট কিনতে ৫০ ডলার বা ৩ হাজার ৯৯৯ রুপি ব্যয় করতে হবে।
বর্তমানে সনি ভারতের বাজারে প্লেস্টেশন ৫-এর স্টক বাড়ানোর লক্ষ্যে কাজ করছে এবং আরো কিছু অ্যাকসেসরিজও বাজারজাত করবে। এছাড়া দেশটির বিভিন্ন লোকাল শপে প্লেস্টেশনের ছবিও দেখা যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা নতুন ফেসপ্লেটসহ প্লেস্টেশন ৫ স্থানীয় দোকানেও পাওয়া যাবে।










