বিশ্বের প্রথম জিরো ট্রাস্ট সিম হিসেবে নিজস্ব ই-সিম চালু করতে যাচ্ছে ক্লাউডফ্লেয়ার। জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেলের মাধ্যমে এ সিম চালু করা হচ্ছে। খবর টেকরাডার।

জিরো ট্রাস্ট পদ্ধতিতে কোনো ডিভাইসই বিশ্বাসযোগ্য হিসেবে যুক্ত হবে না। সবগুলোকেই ভেরিফাই বা শনাক্তকরণের মধ্য দিয়ে যেতে হবে। স্বয়ংক্রিয়ভাবেও কোনো ডিভাইস বিশ্বাসযোগ্যতার তালিকায় যুক্ত হবে না। ই-সিমের সাবস্ক্রাইবার বা ব্যবহারকারীরা আগে থেকে যদি কোনো ডিভাইস ভেরিফাই করে বা কোনো করপোরেট নেটওয়ার্কে যুক্তও থাকে তাহলেও কাজ হবে না।

মোবাইল ডিভাইসে এ ধরনের প্রযুক্তি ব্যবহার আশ্চর্যজনক কিছু নয়। করপোরেট নেটওয়ার্কে অনুপ্রবেশের জন্য মোবাইল ডিভাইস হ্যাকারদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রচলিত এন্ডপয়েন্ট হিসেবে কাজ করে। ২০২২ সালে পাঁচ লাখের বেশি ফিশিং সাইট তদারক করেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান জিমপেরিয়াম। জরিপের মাধ্যমে দেখা যায়, মোবাইলভিত্তিক ফিশিং ওয়েবসাইটের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে।

ক্লাউডফ্লেয়ারের জিরো ট্রাস্ট নিরাপত্তা সিস্টেমে যুক্ত সিমের মাধ্যমে কর্মক্ষেত্রের ট্রাফিক আদান-প্রদানের অনুমতি দিলে কর্মীরা তাদের নিয়োগ দানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ডাটা খরচ আদায় করতে পারবে বলে জানানো হয়। ক্লাউডফ্লেয়ারের দাবি, এ সমাধান ব্যবহার বা ইনস্টল করা খুবই সহজ হবে। ব্যবহারকারীদের শুধু কিউআর কোড স্ক্যান করতে হবে। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, নতুন সিমটির মাধ্যমে যেকোনো প্রকার ফিশিং ও ম্যালওয়্যারযুক্ত ওয়েবসাইট ভিজিট করা থেকে কর্মীদের বিরত রাখতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ক্ষতিকর ওয়েবসাইট ভিজিট বন্ধের পাশাপাশি নতুন সিম সিস্টেম ফিজিক্যাল বা বর্তমানে প্রচলিত সিমকার্ডের মাধ্যমে যে ধরনের হামলা পরিচালনা করা হয় সেটি বন্ধ করা যাবে বলেও জানিয়েছে ক্লাউডফ্লেয়ার। নতুন সিস্টেমটি সিম সোয়াপিং বা ক্লোনিংয়ের মতো হামলা থেকে সুরক্ষা দেবে। এছাড়া এটি ক্লাউড পরিষেবা গ্রহণে পরিচয়ভিত্তিক প্রাইভেট সংযোগের সুবিধা দেবে।