প্লাটফর্মে পোস্ট করার ক্ষেত্রে নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এমন পোস্ট করতে পারবে, যেটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। খবর আইএএনএস।
টেকক্রাঞ্চ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সীমিতসংখ্যক ব্যবহারকারীকে ফিচারটি পরীক্ষার সুযোগ দেয়া হয়েছে। এর মাধ্যমে কাছের বন্ধু, সার্কেল বা ফলোয়ারদের কাছে কুইক নোট, ঘোষণা পোস্ট করা যাবে। সম্প্রতি টুইটার ব্যবহারকারীদের জন্য নোটস ফিচার চালু করেছে। যেটি ব্যবহারের মাধ্যমে বড় পোস্ট করা যায়। অন্যদিকে ইনস্টাগ্রামের ফিচারটি স্টিকি নোটের মতো। ২৪ ঘণ্টা পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
মার্কেটার আহমেদ ঘানেম প্রথম ফিচার শনাক্ত করেন। টুইটারে তার প্রকাশিত স্ক্রিনশটের তথ্যানুযায়ী, অ্যাপের ডিরেক্ট মেসেজ স্ক্রিনে থাকা মেসেজগুলোর ওপরে ইনস্টাগ্রাম নোটস ফিচারটি থাকবে। স্ক্রিনশটের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা বর্তমানে নোটস ফিচারটির বিষয়ে কোনো নোটিফিকেশন পাবে না। তবে ২৪ ঘণ্টার জন্য দেখতে পাবে। পাশাপাশি মেসেজের মাধ্যমে নোটসের রিপ্লে দিতে পারবে।
নতুন ফিচারটি ইনবক্সে প্রিয় বন্ধু বা ব্যক্তির কোনো মেসেজ হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবে। পাশাপাশি স্টোরির তুলনায় আরো ভালোভাবে উপস্থাপন করবে। প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার মাধ্যমে ফিচারটির ব্যাপারে ব্যবহারকারীদের অভিমত জানা হবে এবং এ পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হবে।










