ভিয়েতনামে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে স্যামসাং। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেন স্যামসাং ভিয়েতনামের প্রধান চই জু হো। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ডিজিটাইমস।

স্থানীয় সংবাদপত্র ভিআইআরের প্রতিবেদনে বলা হয়, মধ্য ভিয়েতনাম, বিশেষ করে ডা নাং শহরে বিনিয়োগ বাড়াবে স্যামসাং। চলতি মাসের শুরুতে ডা নাং শহরের একজন শীর্ষ কর্তার সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করেন স্যামসাং ভিয়েতনামের মহাপরিচালক চই জু হো।

স্যামসাংয়ের প্রায় এক-তৃতীয়াংশ পণ্য উত্পাদিত হয় ভিয়েতনাম থেকে। সম্প্রতি ডা নাং শহরে বাণিজ্যিক ফাইভজি নেটওয়ার্কের পরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

২০০৮ থেকেই ভিয়েতনামে বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে স্যামসাং ইলেকট্রনিকস। ২০২১ সালে কোম্পানিটির বিনিয়োগের পরিমাণ ১৮০ কোটি ডলার ছাড়ায়। গত ফেব্রুয়ারিতে থাই এনগুয়েনে ৯২ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে স্যামসাং।

গত বছর স্যামসাং ভিয়েতনামের আয় হয়েছে ৭ হাজার ৪২০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি।

অন্যান্য প্রযুক্তি ও ইলেকট্রনিকস জায়ান্টও ভিয়েতনামে সাম্প্রতিক বছরগুলোয় বিনিয়োগ বাড়াচ্ছে। চীনের বিকল্প গন্তব্য হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম আস্থা অর্জন করেছে। এলজি ইলেকট্রনিকস, নকিয়া ও ইন্টেলের মতো কোম্পানি ভিয়েতনামে বিনিয়োগ বাড়িয়েছে। ২০২১ সালে মোট ৩ হাজার ১১৫ কোটি ডলার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) পেয়েছে ভিয়েতনাম। আগের বছরের তুলনায় যা বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।