আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে ক্লাউড টেকনোলজি অ্যান্ড দ্য ফিউচার বিয়ন্ড নিয়ে সেমিনার আয়োজিত হয়েছে।
এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে ব্যবসায় প্রশাসন অনুষদ (এফবিএ) সম্প্রতি সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের স্নাতক প্রোগ্রামের পরিচালক ড. ফারহিন হাসানের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. দীপ নন্দী সেমিনারে অতিথি বক্তা ছিলেন তথ্য প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানবিষয়ক কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মিসেস রুবাবা দৌলা। রুবাবা ওরাকল ক্লাউড অ্যাপ্লিকেশনগুলো এবং তথ্য প্রযুক্তি খাতে এর বাস্তব প্রয়োগিক ব্যবহারের বিষয় সেমিনারে বিস্তারিত তুলে ধরেন।
তিনি অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে চিন্তা না করে গ্রাহক পর্যায়ের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার এবং আর্থসামাজিক উন্নয়নের সম্ভাব্য প্রতিটি দৃষ্টিকোণ থেকে উদ্ভাবনের প্রতি মনোনিবেশ করার পরামর্শ দেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন-ইন-চার্জ ড. তাজুল ইসলাম আমন্ত্রিত অতিথি বক্তাকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন। এ সময় সেমিনারে বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










