নতুন প্রজন্মের সোশ্যাল মিডিয়া অ্যাপ হিসেবে পরিচিতি পেয়েছে বি-রিয়াল। গুগল প্লে ও অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড ৫ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। তবে গবেষণাপ্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের এক প্রতিবেদনে বলা হয়, ডাউনলোডকারী মাত্র ৯ শতাংশই এ অ্যাপ প্রতিদিন ব্যবহার করছে। ২০২২ সালের জানুয়ারির বিপরীতে সেপ্টেম্বরে বি-রিয়াল ডাউনলোডের সংখ্যা ২ হাজার ২৫৪ শতাংশ বেড়েছে। দৈনিক ব্যবহারে ইনস্টাগ্রাম ও টিকটকের চেয়ে অনেক পিছিয়ে আছে চমকজাগানিয়া এ অ্যাপ। সেন্সর টাওয়ার বলছে, ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোডকারীর ৩৯ শতাংশই প্রতিদিন ব্যবহার করছে। ২৯ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টিকটক। ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইউটিউব ও টুইটারের দৈনিক ব্যবহারকারী যথাক্রমে ২৭, ২৬, ২০ ও ১৮ শতাংশ। আরেকটি দিক লক্ষণীয়, আইওএসের তুলনায় গুগল প্লেতে বি-রিয়াল ডাউনলোডের হার ততটা আশাব্যঞ্জক নয়। অ্যাপটি ব্যবহারকারীর সিংহভাগই যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। গত সেপ্টেম্বরে অবশ্য নতুন করে অ্যাপ ডাউনলোডে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় স্থানে উঠে এসেছে।