অ্যান্ড্রয়েড ট্যাবলেট ও আইপ্যাডে শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটির অ্যান্ড্রয়েড, আইওএস, কম্পিউটারের ব্যবহারকারীরা দীর্ঘদিন থেকে অপশনটি চালুর আবেদন জানিয়ে আসছে। খবর গিজচায়না।

অন্যদিকে মেটা গ্রুপের মেসেজ সিস্টেম ব্যবহারকারীদের এ সুবিধা দেয়ার জন্য এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছে। তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ট্যাব ও আইপ্যাডে মেসেজিং পরিষেবাটি ব্যবহারের বিষয়ে যে তথ্যপ্রমাণ প্রয়োজন সেটি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

প্রথমত, যেসব ব্যবহারকারী বেটা ভার্সনের জন্য সাইনআপ করেছে তারা পরীক্ষামূলক থাকা অবস্থায় ফিচারটি ব্যবহার করতে পারবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপের যেকোনো নতুন ফিচার সম্পর্কে ওয়াবেটাইনফো প্রথম তথ্য প্রকাশ করে থাকে। অ্যান্ড্রয়েড ট্যাব ও আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার-সংক্রান্ত তথ্যও তারাই প্রকাশ করে।

অ্যান্ড্রয়েড মেসেজিং সফটওয়্যারের দুটি ভার্সনে ট্যাবলেটের জন্য হোয়াটসঅ্যাপ চালুর প্রথম প্রমাণ পাওয়া যায়। এর ব্যবহার যে খুব কঠিন নয় সে বিষয়টিও প্রকাশ্যে আসা প্রয়োজন বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা। ট্যাবকে নতুন লিংকড ডিভাইস হিসেবে সহজে যুক্ত করার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

গত বছরের মে মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন মাল্টিডিভাইস মোডের অংশ হিসেবে শিগগিরই ট্যাবলেট ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা যুক্ত করা হবে। তবে এর পরও প্লাটফর্মটি নতুন কিছু তৈরিতে কাজ করে গিয়েছে। সূত্রের তথ্যানুযায়ী, এখন নতুন করে একটি ট্যাবলেট ডিভাইসকে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যাবে। ফলে নতুন সাপোর্টের আওতায় প্লাটফর্মটির কমিউনিকেশন কার্যক্রমে প্রবেশ করা যাবে।