চলতি বছরের প্রথমার্ধে স্যামসাং ইলেকট্রনিকসের বাজার মূলধন ৪৬৯ ট্রিলিয়ন থেকে কমে ৩৪০ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। কোরিয়া সিএক্সও ইনস্টিটিউট সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিজনেস কোরিয়া।

শিল্প সূত্রে জানা গিয়েছে, স্যামসাংয়ের প্রধান শেয়ারহোল্ডার ন্যাশনাল পেনশন সার্ভিস অব সাউথ কোরিয়ার শেয়ার ১৯ দশমিক ৮ শতাংশ কমেছে। বর্তমানে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটিতে ওই কোম্পানির মূলধন ৩০ দশমিক ৩৪ ট্রিলিয়ন ওন। আগে যেখানে ছিল ৪০ দশমিক ৪৭ ট্রিলিয়ন ওন।

বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প মন্দার দিকে এগোনোর ফলে সামনের দিনগুলোয় স্যামসাংয়ের বাজার মূলধন আরো কমতে পারে বলে আশঙ্কা করছেন শিল্পসংশ্লিষ্টরা। মহামারীর সময়ে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর বিক্রি চাঙ্গা ছিল। কিন্তু সম্প্রতি তারাও তাদের বিক্রি ও ক্রয়াদেশ হ্রাসের বিষয়টি সামনে এনেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইসি ইনসাইটস জানায়, গত মাসে শীর্ষ ১০ তাইওয়ানিজ সেমিকন্ডাক্টর সরবরাহকারীর আয় ছিল ৩০ হাজার কোটি তাইওয়ানিজ ডলার, পূর্ববর্তী মাসের চেয়ে যা ৫ শতাংশ কমেছে। এ শ্লথগতির শিকার হয়েছে টিএসএমসি, মিডিয়াটেক ও নোভাটেকের মতো কোম্পানিও। বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের এ প্রবণতা আমলে নিলে খারাপ দিন আসছে শীর্ষ মেমরি চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান স্যামসাংয়েরও।