গ্যালাক্সি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট তৈরিতে অনেকটাই এগিয়ে স্যামসাং। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টের একটি পেটেন্ট আবেদন থেকে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরির বিষয়টি জানা গেছে। খবর গিজমোচায়না।
হেডসেটটি তৈরি হলে গুগল, অ্যাপল ও ফেসবুকের মতো নিজস্ব ভিআর উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হবে স্যামসাং। ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরিতে নানা চড়াই-উতরাই পেরিয়েছে প্রতিষ্ঠানটি। তবে স্যামসাং এ খাতে ভালো অগ্রগতি করেছে বলে জানা গেছে।
ভার্চুয়াল রিয়েলিটি জগতে প্রবেশের পর স্যামসাংয়ের গিয়ার ভিআর হেডসেট এ ক্যাটাগরির প্রথম পণ্য। গ্যালাক্সি ভিআর হেডসেট তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ভার্চুয়াল রিয়েলিটি জগতের কার্যক্রম বাড়াতে চায়। ট্রেডমার্ক ফাইলিংয়ের বিষয়টি প্রকাশ করে লেটসগোডিজিটাল। গত ৩০ মার্চ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস থেকে নতুন আবেদনের বিষয়ে জানা যায়।
২০১৮ সালে অস্ট্রিয়ায় একই নামে স্যামসাংয়ের আরো একটি আবেদনের তথ্য পাওয়া গেছে। আবেদনটিতে স্যামসাং একটি গ্যালাক্সি ভিআর হেডসেট তৈরিতে কাজ করছে বলে উল্লেখ ছিল।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যান জং হি ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইসের বিষয়ে অল্প তথ্য দিয়েছিলেন। তবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি বা উন্নয়নের বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রযুক্তিবিদদের ধারণা সামনের সপ্তাহে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হতে পারে।










