ভারতের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত হ্যাকাররা সাইবার হামলা চালাচ্ছে। ভারতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এমনটাই দাবি জানিয়েছে। খবর টেকরাডার।

ইনসিক্ট গ্রুপের বিশেষজ্ঞরা সাতটি ভারতীয় স্টেট লোপ ডিসপ্যাচ সেন্টারের (এসএলডিসি) সন্ধান পেয়েছে যেগুলোর ওয়েবসাইট ও নেটওয়ার্কে ট্রোজান হামলা চালানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো দেশের অভ্যন্তরে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সব প্রতিষ্ঠানই ভারত নিয়ন্ত্রিত লাদাখে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লাদাখ সীমান্ত নিয়ে চীন, পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ চলে আসছে।

প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কে যে ট্রোজান ব্যবহার করা হয়েছে সেটি শ্যাডোপ্যাড নামে পরিচিত। কথিত রয়েছে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এটি প্রায়ই ব্যবহার করে থাকে। গবেষকদের তথ্যানুযায়ী, এ হামলার সঙ্গে জড়িতরা গ্রুপ ৩৮ নামে পরিচিত। তারা আইপি ক্যামেরার মতো ইন্টারনেটে যুক্ত এন্ডপয়েন্টের নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন তৈরি করতে পেরেছে।

প্রতিবেদনে ইনসিক্ট গ্রুপ জানায়, হ্যাকার গ্রুপটি শ্যাডোপ্যাড ম্যালওয়্যার প্রবেশ করানোর জন্য ইন্টারনেটযুক্ত ডিভিআর বা আইপি ক্যামেরা ডিভাইসের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কে প্রবেশ করেছে। পাশাপাশি ওপেন সোর্স টুল ফাস্টরিভার্সপ্রক্সি (এফআরপি) ব্যবহার করেছে।

গবেষকদের ধারণা, এ মুহূর্তে প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক অবকাঠামো ধ্বংসে হ্যাকারদের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তারা গোপন তথ্য সংগ্রহের পাশাপাশি গুপ্তচরবৃত্তিতেই বেশি আগ্রহী ছিল এবং এ কারণেই একটা দীর্ঘ সময় তারা নিজেদের অস্তিত্ব গোপন রাখতে সক্ষম হয়েছে।