আগামী ২০২৩ সালের মধ্যে প্যাকেজিংয়ে প্লাস্টিকপণ্য ব্যবহার থেকে বিরত থাকবে মাল্টিন্যাশনাল কোম্পানি সনি। এ ছাড়া কোম্পানিটি স্মার্টফোন, ক্যামেরা ও অডিও এক্সেসোরিসের ওজন কমিয়ে আনার ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টেক টাইমস।  

জাপানি কোম্পানিগুলোর মধ্যে সনিই প্রথম যারা প্যাকেজিংয়ে প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার বন্ধের ঘোষণা দিল। প্লাস্টিকজাত দ্রব্যের পরিবর্তে প্যাকেজিংয়ের ক্ষেত্রে সনির পণ্যগুলোতে কাগজ ও বাঁশের ব্যবহার থাকবে। আর বড় পণ্যগুলোর ক্ষেত্রে এক ধরনের বিশেষ ফোমের ব্যবহার হবে। 

শুধু সনি নয়, প্লাস্টিক পণ্য ব্যবহার কমানোর ঘোষণা অ্যাপলও দিয়েছে। ২০২১ সালে অ্যাপল চার শতাংশ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এনেছিল। অ্যাপলের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ তারা পুরোপুরি প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে আনবে। এ ছাড়া এইচপিও কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে প্লাস্টিক এড়িয়ে কাগজের দিকে ঝুঁকছে। 

একুশ শতকে প্লাস্টিক পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে। বিশ্বে প্রতি এক মিনিটে প্রায় ৫০০ প্লাস্টিক বোতল উৎপাদন করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এভাবে প্লাস্টিকের উৎপাদন চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে প্লাস্টিক সংকটে পড়বে পৃথিবী।

সনির প্লাস্টিক ব্যবহার না করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। আশা করা হচ্ছে, অন্য কোম্পানিগুলোও সনির এ সিদ্ধান্তে উদ্বুদ্ধ হয়ে প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার কমাবে।