মিটিংয়ের জন্য নির্ধারিত ডিভাইসগুলোয় মাইক্রোসফটের টিমস মেসেজিং অ্যাপ যুক্ত করবে নেটওয়ার্কিং ফার্ম সিসকো সিস্টেমস ইনকরপোরেশন। এ লক্ষ্যে নতুন চুক্তি সম্পাদিত হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর রয়টার্স।

সিসকোর নিজস্ব ওয়েবেক্স ভিডিও কনফারেন্সিং অ্যাপের বিকল্প হিসেবে ব্যবহারকারীদের সুবিধা দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সিকিউরিটি অ্যান্ড কোলাবরেশন বিভাগের প্রধান জিতু প্যাটেল বলেন, বিভিন্ন কনফারেন্সিং সফটওয়্যার প্লাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার প্লাটফর্মে পরিণত হওয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

প্যাটেল বলেন, বিনোদন খাতে সিনেমার বাজার যেভাবে প্রসারিত হয়েছে, এ খাতের বাজারও সেভাবে এগোচ্ছে। বর্তমানে ব্যবহারকারীরা নেটফ্লিক্স, ডিজনি, এইচবিও ও হুলুর মতো স্ট্রিমিং পরিষেবার সাবস্ক্রিপশন গ্রহণ করছে। তিনি বলেন, এমন সময় আসবে যখন ব্যবহারকারীরা মাইক্রোসফট টিমস কল থেকে জুম কলে যেতে চাইবে। আবার সেখান থেকে গুগল কলে প্রবেশ করতে চাইবে।

নতুন চুক্তির কারণে সিসকো ওয়েবেক্স অ্যাপের বাজার হিস্যায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, গ্রাহকদের একাধিক প্লাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা থাকলে প্রতিষ্ঠান উপকৃত হবে। কনফারেন্স প্লাটফর্ম হিসেবে একটা সময়ে ওয়েবেক্সের ব্যাপক ব্যবহার ছিল। তবে কভিড-১৯ মহামারীর সময় জুম ভিডিও কমিউনিকেশনসহ একাধিক নতুন প্লাটফর্মের কাছে ওয়েবেক্স জনপ্রিয়তা হারায়। বিশেষ করে জুম বড় ধরনের বাজার দখলে নেয়।

মাইক্রোসফট টিমসের কলিং অ্যান্ড ডিভাইসের ভাইস প্রেসিডেন্ট ইলিয়া বুকশতেন এক সাক্ষাত্কারে বলেন, টিমসের রুম সফটওয়্যার বর্তমানে একাধিক হার্ডওয়্যার ডিভাইসে ব্যবহার করা যায় এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে সিসকো ডিভাইসেও যুক্ত হয়ে যাবে।