সম্প্রতি অ্যাড-ফ্রি ইনস্টাগ্রাম ব্যবহার করার থার্ড পার্টি ওজি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরানোর পর পরই গুগল প্লে স্টোর থেকেও এটি অপসারণের উদ্যোগ নিয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকটাইমস।
এনগ্যাজেটে প্রকাশিত প্রতিবেদনে বলছে, অ্যাপটি আনুষ্ঠানিকভাবে অ্যাপল স্টোরে চালুর একদিন পরই অ্যাপল স্টোর থেকে সরিয়ে দেয়া হয়েছে। অ্যাপলের উদ্যোগটি ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার অনুরোধে হয়েছে কিনা এ ব্যাপারে জানা যায়নি। তবে মেটার একজন প্রতিনিধি বলেছেন, ওজি অ্যাপটি আমাদের প্রতিষ্ঠানের নীতি লঙ্ঘন করেছে। আমরা এর বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেব।
গত মাসে অ্যাপটির যাত্রা হয়েছিল। অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ২০ হাজার ব্যবহারকারী এটি ডাউনলোড করেছে। অ্যাপটি মূলত ব্যবহারকারীদের বিজ্ঞাপনমুক্ত ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা দেয়। পাশাপাশি ইনস্টাগ্রামের পুরনো সংস্করণ ব্যবহারের সুযোগও আছে এতে। অ্যাপটি দিয়ে ব্যবহারকারীরা একাধিক ফিড বাছাই করার সুযোগ পায়।
অ্যাপটির প্রতিষ্ঠাতা হার্দিক পাতিল এনগ্যাজেটকে বলেন, একজন গ্রাহক কোনটি দেখবে বা দেখবে না নিয়ন্ত্রণ করার অধিকার তাদের আছে। তারা অ্যাপটিতে বেশকিছু পরিমার্জন এনেছিলেন। যেমন কারো বার্তা যে আপনি পড়ছেন সেটি অন্য ব্যবহারকারীকে জানানোর ফিচার বন্ধ করা হয় এবং ইনস্টাগ্রাম ফিডগুলো স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হওয়ার ফিচারও বন্ধ করে দেয়া হয়।










