তাইওয়ানের হন রাই গবেষণা কেন্দ্রের মতো ভারতে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের কথা ভাবছে ফক্সকন। দেশটিতে নিজস্ব পণ্যের বাজার বিস্তারে একটি ইকোসিস্টেম তৈরি করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের এ প্রতিষ্ঠান। খবর ইটি টেলিকম।

গত মাসে ভারতে বাণিজ্যিক সফরে থাকাকালীন বিভিন্ন প্রদেশের সঙ্গে আয়োজিত এক মিটিংয়ে ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউয়ের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বিভাগের প্রধান নির্বাহী এ প্রকল্পের বিষয়টি উপস্থাপন করেন। সে সময় তারা জানান, প্রতিষ্ঠানটি ভারতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের লক্ষ্যে কাজ করছে।

ভারতের তরুণ জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থান প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি বাজার বিস্তারে ও ক্রমবর্ধমান বাজারে কীরূপ সহায়তা দেবে সে-সংক্রান্ত আলোচনার সময় বিষয়টি সামনে আসে। দক্ষতা উন্নয়ন কেন্দ্রের বিষয়ে অবগত একটি সূত্র নাম না প্রকাশ করার শর্তে জানায়, ভারত ও ব্রাজিলে ফক্সকন তাদের পরবর্তী দুটি বিকাশ কেন্দ্র স্থাপন করবে।

প্রতিষ্ঠানটি জানায়, তারা ভারতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও সরবরাহের বিষয়টি নিয়ে কাজ করলেও ভবিষ্যতে দেশটিতে তাইওয়ানের মতো বিশ্ববিদ্যালয়ও তৈরি করবে। যেখানে বৃত্তিমূলক কার্যক্রমের পাশাপাশি শিল্পসংক্রান্ত বিষয়ে শিক্ষা দেয়া হয়। অন্য আরেকজন জানান, উৎপাদন কার্যক্রমের জন্য ফক্সকন ভারতে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনে কাজ করছে। কেননা প্রতিষ্ঠানটি বর্তমানে ভারতের দিকে আগাচ্ছে। দেশটিতে তাদের উৎপাদন কেন্দ্র পরিচালনায় ও পণ্যের বিস্তারে দক্ষ কর্মীর যে প্রয়োজনীয়তা সেজন্য এ পরিকল্পনা। সেটি হোক বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর বা অন্যান্য বৈদ্যুতিক পণ্য। এ বিষয়ে ই-মেইলে ফক্সকনের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদ সম্মেলনের আগে কোনো মন্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করা হয়।

২০২০ সালে তাইওয়ানে হন রাই গবেষণা প্রতিষ্ঠানটি তৈরি করা হয়। প্রতিষ্ঠানটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, পরবর্তী প্রজন্মের যোগাযোগ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং বিষয়ে আলাদা গবেষণা কেন্দ্র রয়েছে। ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি জানায়, প্রতিটি গবেষণা কেন্দ্রে উন্নত প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ৪০ জন বিশেষজ্ঞের একটি দল রয়েছে। যারা ফক্সকনের প্রযুক্তি ও পণ্য উৎপাদন খাতকে আরো সমৃদ্ধ করতে নতুন প্রযুক্তির উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

তাইওয়ান ও চীনের মধ্যকার চলমান বিরোধের কারণে ফক্সকন তাদের সরবরাহ চেইন বিকেন্দ্রীকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিক থেকে ভারত অনেকটাই এগিয়ে।