অভ্যন্তরীণ পর্যায়ে তথ্য চুরির বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান এএমডি। সম্প্রতি সাইবার অপরাধীদের গ্রুপ র‌্যানসমহাউজ এক ঘোষণায় প্রতিষ্ঠানটির তথ্য চুরির দাবি জানিয়েছে। খবর টেকটাইমস।

র‌্যানসমহাউজ নিজেদের অন্যতম মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিলেও র‌্যানসমওয়্যার গ্রুপ হিসেবে তাদের পরিচিতি রয়েছে। গ্রুপটি জানায়, জানুয়ারিতে তারা এএমডির সার্ভার থেকে ৪৫০ গিগাবিটসের বেশি তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, তাদের ওপরই গ্রুপটি হামলা চালায়। কিছু ক্ষেত্রে গ্রুপটি তথ্য পুনরুদ্ধারে অর্থ লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে।

টমস হার্ডওয়্যারের প্রশ্নের উত্তরে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানায়, এএমডি থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির বিষয়ে আমরা অবগত। বিষয়টি যাচাইয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। রেস্টোর প্রাইভেসি প্রথম এএমডির সার্ভারে হামলার তথ্য প্রকাশ করে। তাদের মতে, ২০২১ সালের ডিসেম্বরে র‌্যানসমহাউজ প্রথম তাদের অস্তিত্বের কথা জানায়। গ্রুপটির ডার্কনেটভিত্তিক ওয়েবসাইটে বেশি কিছু ভুক্তভোগীর নাম তালিকাভুক্ত রয়েছে। অনিয়ন বা টরের মতো ব্রাউজারের মাধ্যমে এ ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব। কয়েক সপ্তাহ আগে আফ্রিকার সুপারমার্কেট চেইন শপ রাইটের তথ্য চুরির মাধ্যমে গ্রুপটি প্রযুক্তি জগতে কুখ্যাতি অর্জন করে।

ওয়েবসাইটে র‌্যানসমহাউজ জানায়, সহজ পাসওয়ার্ডের কারণে তারা এএমডির সার্ভারে প্রবেশ করতে পেরেছে। রেস্টোরপ্রাইভেসির ক্যাটালিন চিমপানুর তথ্যানুযায়ী, যে ৪৫০ গিগাবিটস তথ্য চুরির দাবি জানানো হয়েছে, সেখানে নেটওয়ার্ক ফাইল, সিস্টেমের তথ্য, এমনকি এএমডির পাসওয়ার্ডও রয়েছে।

 এএমডি ও শপরাইট ছাড়াও র‌্যানসমহাউজ আরো সাতটি প্রতিষ্ঠানে হামলা পরিচালনার দাবি জানিয়েছে। র‌্যানসমহাউজ এএমডি থেকে চুরি করা তথ্যগুলোকে গিগাবাইটের পরিবর্তে গিগাবিটে লিপিবদ্ধ করেছে। সে হিসাবে তালিকায় ভুল না থাকলে ৪৫০ গিগাবিট সমান ৫৬ দশমিক ২৬ গিগাবাইট।