চীনে আইফোন ১৩-এর চেয়ে আইফোন ১৪-এর চাহিদা আরো বেশি হবে বলে প্রত্যাশা। বিশিষ্ট প্রযুক্তি বিশ্লেষক মিং-চু কিয়ু পরিচালিত এক জরিপে এ আভাস পাওয়া যাচ্ছে। খবর ফোন অ্যারেনা।

প্রযুক্তি বিশ্লেষক মিং-চু কিয়ু এক টুইট বার্তায় জানান, আইফোন ১৪ ইউনিটের প্রথম চালান পেতে অনেক সরবরাহকারী ও খুচরা বিক্রেতারা আগাম অর্থ জমা করেছেন। এ আগাম জমার পরিমাণ আইফোন ১৩-এর চেয়ে অনেক বেশি।

তিনি বার্তায় আরো বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ জরিপ করা হয়েছে। তবে যুক্তিসংগত কারণে অ্যাপলের নতুন এ স্মার্টফোনের চাহিদা চীনে প্রত্যাশার চেয়ে অনেক বেশি থাকবে। ঐতিহাসিকভাবে স্মার্টফোন অ্যাপলের জন্য চীনের বাজার খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপলের রাজস্ব আয়ের এক-পঞ্চমাংশ আসে দেশটি থেকে। ফলে গুরুত্বটা আরো দিন দিন বাড়ছে। চীন থেকে অ্যাপল তার সবচেয়ে বড় বাজারের অংশীদারত্ব অর্জন করেছে।

আইফোন খুবই জনপ্রিয় একটি মোবাইল ফোন। এটির নেটওয়ার্কিং ব্যবস্থা খুবই উন্নত হওয়ায় বিশ্বের প্রায় সব প্রান্তেই এর চাহিদা বেশি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক প্রিমিয়াম স্মার্টফোন বিক্রির ৬২ শতাংশ ছিল অ্যাপলের আইফোন। অন্যভাবে বলতে গেলে বিক্রি হওয়া প্রিমিয়াম স্মার্টফোনের দুই-তৃতীয়াংশই ছিল আইফোন। ৪০০ ডলার কিংবা তার চেয়ে বেশি দামের স্মার্টফোনকে প্রিমিয়াম ক্যাটাগরিতে ফেলানো হয়। এ তালিকায় রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ও অ্যাপলের সাশ্রয়ী ফোন আইফোন এসই।