সব ধরনের ডিভাইসে ইউএসবি-সি চার্জার বাধ্যতামূলক করা দেশ ও অঞ্চলের তালিকায় যুক্ত হয়েছে ব্রাজিল। এ ধরনের সিদ্ধান্তে গ্রাহক ভোগান্তি কমবে এবং ইলেকট্রনিক বর্জ্য কমবে বলে মনে করে লাতিন আমেরিকার দেশটি। খবর অ্যাপল ইনসাইডার।

চলতি মাসের শুরুতে সব ধরনের স্মার্টফোনে ইউএসবি-সি চার্জারের বাধ্যবাধকতা নিয়ে নীতিমালা ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন। তার কয়েক দিন বাদেই একই ধরনের নীতিমালা প্রণয়নে প্রস্তাবনা পেশ করে একদল মার্কিন সিনেটর। এবার এ তালিকায় যুক্ত হয়েছে ব্রাজিল। দেশটির নীতিনির্ধারক সংস্থা অ্যানাটেল জানায়, সব ধরনের ডিভাইসে একই চার্জার ব্যবহার করলে গ্রাহক ভোগান্তি কমবে। এজন্য ২০২৪ সালের ১ জুলাইয়ের মধ্যে সব কোম্পানিকে ইউএসবি-সি চার্জার আনতে বাধ্য করার প্রস্তাবনা দিচ্ছে অ্যানাটেল।

একেবারে চার্জিং কেবল বাদ দেয়ার সিদ্ধান্ত নিলেও তাতে সহমতের কথা জানায় ব্রাজিলের নীতিনির্ধারণী সংস্থাটি। মূলত তারবিহীন চার্জিং প্রযুক্তিতে জোর দেয়ার জন্য স্মার্টফোন কোম্পানিগুলোকে উৎসাহিত করতে চাইছে তারা।

অ্যানাটেলের প্রস্তাবিত নীতিমালা নিয়ে মতামতের জন্য ব্রাজিলের সাধারণ নাগরিক ও প্রযুক্তি কোম্পানির জন্য ২৬ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। যেহেতু বেশির ভাগ স্মার্টফোনই ইউএসবি-সি চার্জার নিয়ে আসছে, ব্রাজিলের এ নীতিমালায় সবচেয়ে ধাক্কা খাবে আইফোন। মিং-চি কিয়ু নামে এক বিশ্লেষক মনে করেন, অ্যাপল হয়তো এরই মধ্যে ইউএসবি-সি আইফোন নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। ২০২৩ সালে উন্মোচিত আইফোন ১৫-তে হয়তো লাইটনিং কানেক্টরের স্থলে ইউএসবি-সি ব্যবহার করবে অ্যাপল।