সম্প্রতি সিলিকন ভ্যালিকে একহাত দেখে নিয়েছেন বারাক ওবামা। অতিক্ষমতাধর সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো সমাজকে বিভক্ত ও গণতন্ত্রকে হেয় করছে বলে অভিযোগ সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের। প্রযুক্তি জায়ান্টগুলোর অসীম ক্ষমতার রাশ টেনে ধরা এবং সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। সম্প্রতি স্ট্যানফোর্ডের সাইবার পলিসি সেন্টার ও দি ওবামা ফাউন্ডেশন কর্তৃক যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। খবর টেকক্রাঞ্চ।   

স্ট্যানফোর্ডের সাইবার পলিসি সেন্টারে গত বৃহস্পতিবার ওবামা বলেন, উত্তেজক ও বিভেদকারী কনটেন্ট দ্রুত অনলাইন অডিয়েন্স পায়। গণতন্ত্রকে হুমকিতে ফেলে অর্থ কামিয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো। সত্য ও মিথ্যার মধ্যে লড়াই এবং সহযোগিতা ও সংঘাতের মধ্যে তারা ভুলটিকেই গ্রহণ করছে। ভুয়া ও মিথ্যা তথ্য সম্প্রচার গণতন্ত্রের জন্য হুমকি।

মার্কিন আইনের ২৩০ ধারা পরিবর্তনের প্রস্তাব তুলেছেন ওবামা। এ আইনের ফলে ব্যবহারকারীদের শেয়ার করা কনটেন্টের জন্য কোনো আইনি বাধ্যবাধকতার মুখোমুখি হয় না অনলাইন প্লাটফর্মগুলো।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব নিয়ে বলতে গিয়ে ওবামা বলেন, এখন আমরা অনেকেই খবরের জন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আসি এবং সেখানে অনুসন্ধান করি। সংবাদ ও তথ্যের প্রাথমিক উত্স হিসেবে কাজ করে তারা। এজন্য তাদের দায়বদ্ধতা থাকা উচিত।

তিনি আরো বলেন, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া এককটা টুল। দিন শেষে টুল তো আমাদের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে না। আমরা তার নিয়ন্ত্রণ করি এবং তাদের ঢেলে সাজানোর ক্ষমতা রাখি।